নাপোলি ও রোমার জয়
ইতালির শীর্ষ লিগ সেরি আয় জয়ের ধারা ধরে রেখেছে নাপোলি। আর টানা ৪ ড্রয়ের পর জয়ের স্বাদ পেয়েছে রোমা।
রোববার নাপোলি ৩-১ গোলে উদিনেসেকে হারিয়েছে। আর রাজধানীর দল রোমা ২-১ ব্যবধানে হারিয়েছে কালিয়ারিকে।
ঘরের মাঠ সান পাওলোয় বেলজিয়ামের স্ট্রাইকার ড্রিস মের্টেন্স ও ইতালির স্ট্রাইকার মানোলো গাব্বিয়াদিনির গোলে ২১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় নাপোলি।
২৭তম মিনিটে ফরাসি স্ট্রাইকার সিরিল থেরিও ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে তার ভুলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে উদিনেসে। ৫৯তম মিনিটে থেরিওর আত্মঘাতী গোলে জয় মোটামুটি নিশ্চিত হয়ে যায় নাপোলির।
কালিয়ারির মাঠে ৩৭তম মিনিটে সার্বিয়ার স্ট্রাইকার আদেম লিয়াইচের গোলে এগিয়ে যায় রোমা। ৮৫তম মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ব্যবধান দ্বিগুণ করেন।
যোগ করা সময়ে কঙ্গোর মিডফিল্ডার পি-এমপোকু কালিয়ারির একমাত্র গোলটি করেন।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ২২ ম্যাচে হলো ৪৬। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি।
শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৫৩।
