২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ মালয়েশিয়া কোচ

স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ জয়ের পর শিষ্যদের হার না মানসিকতার প্রশংসা করেন মালয়েশিয়া কোচ রাজীব ইসমাইল। গোল্ড কাপ জয়ের ফলে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিও ভালো হলো বলে জানান তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 10:01 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বাংলাদেশকে ৩-২ গোলে হারিয়ে গোল্ড কাপ জয় করে মালয়েশিয়া। ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসা করতে গিয়ে ইসমাইল বলেন, “আমরা দুই গোলে এগিয়ে গিয়েছিলাম। এরপর ওরা দুই গোল করে সমতায় ফেরে। এটাই আমার খেলোয়াড়দের চাপে ফেলে দিয়েছিল। তবে ছেলেরা প্রমাণ করেছে, তারা কখনোই আশা ছাড়েনি; শেষ মিনিট পর্যন্তও আশা ছাড়েনি।”

এর আগে ফুটবলার হিসেবে বাংলাদেশে এসেছিলেন ইসমাইল। এবার কোচ হিসেবে এসে গোল্ড কাপ জয়ের সঙ্গে এএফসি চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নেয়ার লক্ষ্যও জানিয়েছিলেন তিনি। সব লক্ষ্য পূরণ হওয়ায় খুশি ইসমাইল।

“প্রথমার্ধে ভালো খেললেও আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলিনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খুব ভালোভাবে ফেরে। আমরা ভাগ্যবান যে, শিরোপা জিতেছি। তাছাড়া এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে আমরা এখানে এসেছিলাম। সে প্রস্তুতিও ভালো হলো”

ম্যাচে বাংলাদেশের জালে প্রথম গোল করেন মালয়েশিয়া অধিনায়ক নাজিরুল ইসলাম। গোলের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি অনেক দূরের ফ্রি-কিকগুলো নিতাম। কিন্তু এবারই প্রথম গোল করা যায়, এমন ফ্রি-কিক নিলাম। ফ্রি-কিক নেয়ার সময় প্রতিপক্ষের ডিফেন্ডার, গোলরক্ষক-কোনো কিছু নিয়েই ভাবিনি। গোল পেয়ে অবশ্যই খুশি।”

গোল্ড কাপের ফাইনালের সেরা খেলোয়াড় হন মালয়েমিয়ার মোহাম্মদ ফাইজাত। যোগ করা সময়ে সতীর্থের কর্নারে হেড করে দলকে জয় এনে দেয়া গোল করে তিনিও দারুণ উচ্ছ্বসিত, “ওই সময় আমি আসলে অন্য কোনো কিছু নিয়ে ভাবিনি। শুধু গোল নিয়ে ভেবেছি।”