ক্রুইফের কাছে ‘বেদনাদায়ক হার’
গোল্ড কাপ জয়ের লক্ষ্য পূরণের দারুণ সম্ভাবনা তৈরি করে শেষ পর্যন্ত না পারার ব্যর্থতায় হতাশ লোডভিক ডি ক্রুইফ। বাংলাদেশ কোচ জানান, তার নিজের এবং দলের জন্য এই হার ভীষণ বেদনাদায়ক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার গোল্ড কাপের ফাইনালে মালয়েশিয়ার কাছে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ার নিজের হতাশার কথা জানান স্বাগতিক দলের কোচ ক্রুইফ।
“ফাইনালে আমরা হেরেছি এবং এ হার আমার এবং দলের সবার জন্য ভীষণ বেদনাদায়ক। ম্যাচে একটা দল খেলেছে এবং সেটা বাংলাদেশ। তারপরও আমরা হেরেছি। এটা এ দেশের মানুষের জন্যও হতাশার।”
ম্যাচের আগে গা গরম করতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পান দলের অন্যতম সেরা মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। আর ম্যাচের সপ্তম মিনিটে চোট পেয়ে বেঞ্চে ঠাঁই হয় নির্ভরযোগ্য ফরোয়ার্ড জাহিদ হোসেনের। দলের সেরা দুই ফুটবলারকে হারিয়ে শুরুতে মানসিকভাবে পিছিয়ে পড়ার কথা জানান ক্রুইফ।
“জানি না, হেমন্তের চোটের কি অবস্থা? ম্যাচের আগে সে হ্যামস্ট্রিংয়ে চোট পেল। এরপর জাহিদও একই জায়গায় চোট পেয়েছে। ফাইনাল ম্যাচে ওদের দুজনকে হারানো আমাদের জন্য ছিল ভয়ঙ্কর।”
“খেলোয়াড়দের অতিরিক্ত ধকলটা নিয়ে চিন্তিত ছিলাম। ফাইনালে আগে আমরা মাত্র এক দিন বিশ্রামের সময় পেয়েছি। একদিন অতিরিক্ত সময় পেলে ভালো হতো”, হারের কারণ হিসেবে এ কথাও বলেন নেদারল্যান্ডসের এই কোচ।
প্রথমার্ধে দুই গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ মুহূর্তের গোলে গোল্ড কাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়েছে স্বাগতিকদের। এ কারণেই কোচের হতাশা আরো বেশি।
“বিরতির সময় ওদের বলি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে। ছেলেদের বলেছিলাম, ওদের আক্রমণ করো, গোল করো, একটা গোল হলেই সব বদলে যাবে। দুটো গোল পেলামও কিন্তু শেষ তিন মিনিটের গোল সব বদলে দিল। এটা খুবই দুঃখজনক।”
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন মালয়েশিয়ার মোহাম্মদ ফাইজাত। আর এই আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার জামাল ভূইয়া। ব্যক্তিগত অর্জনে খুশি হলেও দল হারায় হতাশ তিনি।
“টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছি আমি কিন্তু দলের হেরে যাওয়াটা পীড়াদায়ক।”
