২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনটি ভুলতে চান রোনালদো

৭ ফেব্রুয়ারি, ২০১৫; ক্যালেন্ডারের এই দিনটিকে রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে সবচেয়ে বাজে বলে উল্লেখ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্পেনের লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে গুঁড়িয়ে যাওয়ার এই দিনটি ভুলে যেতে চান পর্তুগালের তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 04:33 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

আতলেতিকোর মাঠ থেকে শনিবার ৪-০ গোলে হেরে আসে রিয়াল।

এমন বাজেভাবে হেরে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না রোনালদো।

“ভবিষ্যতে উন্নতি করতে হলে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। এটা ভুলে যাওয়ার মতো একটা দিন।”

এই হারের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষেই আছে রিয়াল। ২২ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫০। ২২ ম্যাচ খেলে সমান ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো।

হেরে গেলেও রিয়াল মাদ্রিদের শীর্ষে থাকাটাকেই এখন সান্ত্বনা হিসেবে দেখছেন রোনালদো।

“আমরা এখনো লিগের শীর্ষেই আছি। আমরা জানি, আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে। আমরা আজকে হেরেছি এবং এ নিয়ে আমরা রেগে আছি; কিন্তু আমাদের সামনের ম্যাচগুলো নিয়ে ইতিবাচক থাকতে হবে। কারণ আমরা কেবল তিনটি পয়েন্টই হারিয়েছি।”

ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি হারের সব দায় নিজের ঘাড়ে নেন। তবে রোনালদো দোষটা তাদের বলে মনে করেন।

“আমাদের সবকিছুরই অভাব ছিল; ইচ্ছা, মনোভাব। শারীরিক বা মানসিকভাবে আমরা সতেজ ছিলাম না…কিন্তু এটাকে আমরা অজুহাত বানাতে পারি না।”

যত দ্রুত সম্ভব আতলেতিকোর বিপক্ষে এই হারটিকে মন থেকে সরিয়ে ফেলতে চান রোনালদো। আর তার মনে হয়, রিয়াল মাদ্রিদ আসলে কোনো দলের কাছেই ৪-০ গোলে হারতে পারে না। এটা একটি দুর্ঘটনা বলেই মনে করেন টানা দুইবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড়।