সিটির সঙ্গে ব্যবধান বাড়াল চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়িয়েছে জোসে মরিনিয়োর দলটি।
চেলসির জয়ে গোল দুটি করেন এডেন হ্যাজার্ড ও ব্রানিস্লাভ ইভানোভিচ।
শনিবার ভিলা পার্কে হ্যাজার্ডের লক্ষ্যভেদে অষ্টম মিনিটেই এগিয়ে যায় চেলসি। তবে এই গোলে দারুণ অবদান রয়েছে দুই ব্রাজিলিয়ান অস্কার ও উইলিয়ানের।
২৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ এসেছিল অস্কারের সামনে। তবে স্বাগতিক গোলরক্ষক ব্র্যাড গুজানের দৃঢ়তায় সেবার বেঁচে যায় অ্যাস্টন ভিলা।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হোরেস ওকোরের গোলে সমতা ফেরায় অ্যাস্টন ভিলা।
৪৮তম মিনিটে করা ওকোরের এই গোল স্বস্তি নিয়ে আসে অ্যাস্টন ভিলা শিবিরে। লিগে ৬৫৯ মিনিট পর গোল পায় দলটি।
তবে গোলের এই স্বস্তি বেশিক্ষণ থাকেনি স্বাগতিক শিবিরে। নায়ক থেকে খলনায়ক বনে যান ওকোরে। তিনি বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান সেসার আসপিলিকুয়েতাকে। তার কাছ থেকে বল পেয়ে জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি ইভানোভিচের।
৬৬তম মিনিটে এগিয়ে যাওয়ার পর বাকি সময়ে নিজেদের রক্ষণ সামলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে চেলসি।
গত ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল চেলসি। অ্যাস্টন ভিলাকে হারিয়ে শীর্ষে অবস্থান দৃঢ় করলো তারা। ২৪ ম্যাচে জোসে মরিনিয়োর দলের পয়েন্ট হল ৫৬। অন্য ম্যাচে হাল সিটির সঙ্গে শেষ সময়ের গোলে ড্র করা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৯।
শনিবার অন্য ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সকে একমাত্র গোলে হারিয়ে ৪৫ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে সাউথ্যাম্পটন।
এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
