টটেনহ্যামের মাঠে আর্সেনালের হার
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর আবারও হারল আর্সেনাল। টটেনহ্যাম হটস্পারের মাঠে প্রথমে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে গেছে আর্সেন ভেঙ্গারের দল।
টটেনহ্যামের গোল দুটি করেন হ্যারি কেইন। আর আর্সেনালের একমাত্র গোলদাতা জার্মানির তারকা মেসুত ওজিল।
লিগে টটেনহ্যামের এটা টানা তৃতীয় জয়। লিগের প্রথম পর্বে আর্সেনালের মাঠে এই দুই দলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।
শনিবার হোয়াইট হার্ট লেনে দারুণ এক পাল্টা আক্রমণে একাদশ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গোলমুখে অলিভিয়ে জিরুদ ঠিকমতো পাস দিতে পারেননি, কিন্তু ছোট ডি বক্সের ঠিক বাইরে থেকে ভলি করে বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি মিডফিল্ডার ওজিলের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম। একের পর এক আক্রমণ করতে থাকে তারা, ৫৬তম মিনিটে সাফল্যও পেয়ে যায় দলটি। কর্নার কিক থেকে বল পেয়ে ৬ গজ দূর থেকে ডান পায়ের শটে দলকে ম্যাচে ফেরান কেইন।
আর ৮৬তম মিনিটে কেইনের দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ের পর ২৪ ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৪৩। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪২।
