জমজমাট ফাইনালের আশা মালয়েশিয়ার
গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল মালয়েশিয়া। ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। তবে উদ্বোধনী ম্যাচে জিতলেও স্বাগতিকদের বিপক্ষের ফাইনাল ম্যাচটি জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন অতিথি দলের কোচ ও অধিনায়ক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বিকাল পাঁচটায় গোল্ড কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া।
এ ম্যাচ সামনে শনিবার সংবাদ সম্মেলনে মালয়েশিয়া কোচ রাজীব ইসমাইল বলেন, “আমার মনে হয়, ফাইনাল ম্যাচটি জমজমাট হবে; ভাল ও দর্শনীয় ম্যাচ হবে। কেননা, দুটি দল যোগ্যতার পরিচয় দিয়ে ফাইনালে উঠেছে।”
আর মালয়েশিয়া অধিনায়ক নাজিরুল নাঈম বলেন, “ফাইনালে উঠায় বাংলাদেশকে অভিনন্দন। আমিও আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল হবে। আশা করি, আমরা সেরাটা খেলতে পারবো।’
সিলেট জেলা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচের চেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাচের স্বাদ আলাদা হবে বলে মনে করেন অতিথি দলের কোচ।
“বাংলাদেশের বিপক্ষে আমরা সিলেটে যে ম্যাচ খেলেছিলাম, সেই ম্যাচের সঙ্গে এ ম্যাচের অনেক পার্থক্য রয়েছে। বাংলাদেশ প্রতিটি ম্যাচেই উন্নতি করেছে। তাছাড়া আমার মনে হয়, ভিন্ন ভেন্যুতে ভিন্ন ম্যাচ বলে এর স্বাদও ভিন্ন হবে।”
বাংলাদেশের বিপক্ষের সেমি-ফাইনালের আগে থাইল্যান্ড কোচ স্বাগতিক সমর্থকদের ব্যাপারে তার ‘ভয়ের’ কথা বলেছিলেন। তবে মালয়েশিয়া কোচের মনে হচ্ছে সমর্থকদের কারণে চাপে থাকবে মামুনুল-এমিলিরা।
“আমাদের ওপর কোনো চাপ নেই। ফাইনালে স্থানীয় দর্শকের কারণে আমরা নয়, স্বাগতিকরাই চাপে থাকবে। এটাকেই আমরা কাজে লাগাতে চাই। তারা শিরোপা জিততে চাইবে কিন্তু আমরাও ভাল খেলে শিরোপা জয়ের আশা করছি।”
স্বাগতিকদের ওপর স্থানীয় দর্শকের চাপের সুযোগ কাজে লাগিয়ে শিরোপা জয়ের ছক কষলেও বাংলাদেশকে ফাইনালের ফেভারিট মানছেন ইসমাইল।
“অতীতে আমি দুইবার খেলোয়াড় হিসেবে এখানে (বাংলাদেশে) এসেছি। এবার কোচ হিসেবে এখানে এলাম। কাপ নিয়ে ফিরতে চাই। তবে তারা অনেক পরিশ্রমী দল এবং ফাইনালে তারাই ফেভারিট।”
