শিষ্যদের কাছে শতভাগ চাইলেন ক্রুইফ
গোল্ড কাপের ফাইনালে মামুনুল-এমিলিরা মালয়েশিয়াকে হারাতে পারলেই লোডভিক ডি ক্রুইফের হাত ধরে প্রথম শিরোপা জিতবে বাংলাদেশ। এমন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে শিষ্যদের কাছে তাদের সামর্থ্যের শতভাগও চাইলেন নেদারল্যান্ডসের এই কোচ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বিকাল পাঁচটায় গোল্ড কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। শনিবার ফেডারেশনের সংবাদ সম্মেলনে শিষ্যদের কাছে নিজের চাওয়াটা জানান স্বাগতিক দলের কোচ ক্রুইফ।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিরোপা জেতা। মালয়েশিয়াকে হারিয়ে গোল্ড কাপের শিরোপা জিততে হলে খেলোয়াড়দেরকে তাদের সামর্থ্যের শতভাগ দিতে হবে। আশা করছি, আমরা সেরাটা খেলবো।”
মালয়েশিয়ার কাছে হেরে এ আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর আর হোঁচট খায়নি স্বাগতিকরা। ভালো পারফরম করে গ্রুপ পর্ব, সেমি-ফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠায় দলের ওপর আস্থা রাখছেন নেদারল্যান্ডসের এই কোচ।
“অনেক কারণে ফাইনাল ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের বিপক্ষের সেমি-ফাইনালে দল সুগঠিত ছিল। বিশেষ করে প্রথমার্ধে ছেলেরা অনেক ভাল খেলেছে। আশা করছি, ফাইনালেও তারা ভাল খেলবে।’
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেয় মালয়েশিয়া। সেমি-ফাইনালে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পায় রাজীব ইসমাইলের দল। তাই ফাইনালে নিজ দলের জয়ের চাওয়া জানালেও প্রতিপক্ষকে সমীহ করছেন ক্রুইফ।
“থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়ার খেলায় অনেক মিল রয়েছে। ছোট ছোট পাসে তারা দুর্দান্ত খেলে। তবে আমরা এ নিয়ে কাজ করেছি।”
বাংলাদেশ-থাইল্যান্ডের শেষ চারের ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থকের ঢল নেমেছিল। ক্রুইফ মনে করেন, শেষ চারের ম্যাচের মতো ফাইনালেও সমর্থকদের এ সমর্থন মামুনুলদের কাজে লাগাতে হবে।
“থাইল্যান্ডের বিপক্ষের ম্যাচে আমরা চাপ কাটিয়ে ভাল খেলেছি। ফাইনালেও গ্যালারি ভর্তি দর্শক থাকবে। সবার চোখ থাকবে ম্যাচের দিকে। ফাইনালেও দলের সবাইকে চাপ জয় করতে হবে।”
