শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ ক্রুইফ
থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে ওঠার পর মামুনুল, জাহিদদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। নেদারল্যান্ডসের এই কোচ জানান, তার শিষ্যরা চমৎকার ফুটবল খেলার কারণেই শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে জেতা সম্ভব হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাসিরউদ্দিন চৌধূরীর একমাত্র গোলে থাইল্যান্ডকে সেমি-ফাইনালে হারায় বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের অর্জনে নিজের আনন্দের কথা জানান।
“এ ম্যাচে আমাদের ওপর যে অনেক চাপ ছিল, তা অস্বীকার করা যাবে না। তবে ছেলেরা চাপ জিতে গোল্ড কাপের ফাইনালে উঠেছে বলে আমি ভীষণ খুশি।”
“আমাদের পরিকল্পনা শতভাগ সফল হয়েছে। ঠিক যেমনটা চেয়েছিলাম, তেমনটাই সফল হয়েছে। মোট কথা ছেলেরা আজ চমৎকার খেলেছে”, যোগ করেন তিনি।
৩৯ মিনিটে মামুনুলের কর্নার থেকে ম্যাচের একমাত্র গোল করেন নাসিরউদ্দিন। পরে নিজেরা গোল না পেলেও থাইল্যান্ডকে ম্যাচে ফিরতে দেয়নি স্বাগতিকরা। ক্রুইফ জানান, সবাই নিজের কাজটা ঠিকঠাক করেছে বলেই এটা সম্ভব হয়েছে।
“থাইল্যান্ড ভাল ও গোছানো দল। হারলেও তারা দুর্দান্ত খেলেছে। তবে তাদের চেয়েও ভালো খেলেই জিতেছে বাংলাদেশ। রক্ষণভাগে রায়হান, মিডফিল্ডে মামুনুল আর উইংয়ে জাহিদ চমৎকার খেলেছে। আসলে সবাই নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করায় ফলটা আমাদের পক্ষে এসেছে।”
আগামী রোববার বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ড কাপের শিরোপা নিষ্পত্তির ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
