২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ‘সেরাটা’ দেওয়ার ঘোষণা মামুনুলের

গোল্ড কাপের ফাইনালে ওঠার লক্ষ্য পূরণের আনন্দে ভাসছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অধিনায়ক মামুনুল ইসলামও জানালেন, ফাইনালে সেরা ফুটবল খেলে এ আনন্দ আরো বাড়াতে চান তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 10:35 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গোল্ড কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। জয়ের পর প্রতিক্রিয়া জানাতে এসে ফাইনালের লক্ষ্য বলেন মামুনুল।

“আমরা দিনে দিনে উন্নতি করছি। থাইল্যান্ডের বিপক্ষে সেমিতে যেভাবে খেলেছি, এটাই আমাদের সেরা খেলা নয়। সামনে ফাইনাল। সেই ম্যাচে সেরা খেলাটা খেলতে চাই।”

৩৯তম মিনিটে ডিফেন্ডার নাসিরউদ্দিনের একমাত্র গোল বাংলাদেশকে দ্বিতীয় সেমি-ফাইনালে জয় এনে দেয়। এ ম্যাচেও স্বাগতিক সমর্থকদের হতাশ করেছেন ফরোয়ার্ডরা। তবে ফরোয়ার্ডদের সমালোচনা না করে অধিনায়ক জানান, পরিকল্পনা অনুযায়ী খেলার কারণে সাফল্য পেয়েছেন তারা।

“আসলে আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম- তাদের খেলার সুযোগ দেব না। দলের সবাই যে যার জায়গা থেকে ভাল খেলেছে। অন্য সময় আমরা গোলের জন্য শুধু স্ট্রাইকারদের দিকে তাকিয়ে থাকি; মনে করি, তারাই আমাদের গোল এনে দেব কিন্তু আজ সেটি হয়নি। ডিফেন্ডার হয়েও নাসির আমাদের গোল এনে দিয়েছে।”

“এ ম্যাচে আমরা অনেক বেশি সতর্ক ছিলাম। প্রথম ম্যাচের ভুলগুলো দ্বিতীয় ম্যাচে করিনি। সেমিতে আমাদের ভুলগুলো আরো কমে এসেছে বলেই লক্ষ্য পূরণ করতে পেরেছি আমারা”, যোগ করেন শেখ জামালের এই মিডফিল্ডার।

দ্বিতীয় সেমি-ফাইনালের সেরা খেলোয়ার্ড হয়েছেন বাংলাদেশের জাহিদ হোসেন। গোল না পেলেও এই ফরোয়ার্ড আলো ছড়িয়েছেন পুরো ম্যাচে। ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

“নিজের পারফরম্যান্সে আমি এখনো পুরোপুরি সন্তুষ্ট নই। ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারলে সেটাই হবে আমার বেস্ট পারফরম্যান্স।”

৮ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ড কাপের শিরোপা নিষ্পত্তির ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।