প্রত্যয়ী বাংলাদেশের সামনে দুরন্ত থাইল্যান্ড
সেমি-ফাইনালে ওঠার প্রাথমিক লক্ষ্য পূরণ হলেও ভালো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে সামর্থ্যের সবটুকু দিয়ে না খেললে টুর্নামেন্টের অন্যতম সেরা দল থাইল্যান্ডকে পার হওয়া কঠিন হবে মামুনুলদের জন্য।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকাল পাঁচটায় গোল্ড কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন থাইল্যান্ড ও ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ।
গ্রুপ পর্বের পরিসংখ্যান থাইল্যান্ডকে এগিয়ে রাখছে। দুই ম্যাচে জিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে দলটি। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ছয় গোল পাওয়াটা থাইল্যান্ডের জমাট রক্ষণভাগ, গোছালো মাঝ মাঠ আর আগ্রাসী আক্রমণভাগের প্রমাণই দিচ্ছে।
বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তাই ফাইনালের লক্ষ্য জানালেও থাইল্যান্ডকে শক্ত প্রতিপক্ষ হিসেবে নির্দ্বিধায় মেনে নিলেন।
“থাইল্যান্ড ভালো দল; শক্তিশালী দল। আমরা ওদেরকে বিশ্লেষণ করেছি। তারা খুবই শৃঙ্খলাবদ্ধ দল এবং ফুটবল নিয়ে তাদের চিন্তা-ভাবনাও উন্নত। তবে আমাদের লক্ষ্য গোল্ড কাপের ফাইনাল খেলা।”
অন্যদিকে বাংলাদেশের গ্রুপ পর্বের শুরুটা হার দিয়ে; তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র গোলে জয় এসেছিল। দুই ম্যাচে বাংলাদেশ গোল খেয়েছে একটি; দিয়েছেও একটি। গ্রুপ পর্বই দেখিয়েছে, মামুনুলদের রক্ষণ ও মাঝ মাঠ মোটামুটি গোছালো হলেও আক্রমণভাগ নিয়ে বড় প্রশ্ন রয়েছে।
গোছালো আক্রমণ নিয়ে প্রতিপক্ষের গোলমুখে এসে নিজেদের হারিয়ে ফেলার অতীত বাংলাদেশের পিছু নিয়েছে লম্বা সময় ধরে। অধিনায়ক মামুনুল ইসলামও মানছেন, এ সমস্যা কাটিয়ে উঠতে না পারলে লক্ষ্য পূরণের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে।
“যে যখন সুযোগ পাবে, তাকে সেটা কাজে লাগাতে হবে। এটা হলে ম্যাচের ফল ভিন্ন রকম হবে।”
অবশ্য প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে ‘ভয়’ নেই থাইল্যান্ড কোচ ফোমরাত চোকতাভির। তিনি বরং মামুনুল-হেমন্ত-জামাল ভূইয়া দিয়ে সাঁজানো স্বাগতিকদের মাঝমাঠ নিয়েই ভাবছেন। এর বাইরে অতিথি কোচের আরেকটা ‘ভয়ের’ জায়গা স্বাগতিক সমর্থক।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চোকতাভি বলেন, “বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে। তারাই ফেভারিট। তাদের মাঝ মাঠ সবচেয়ে শক্তিশালী। তাছাড়া নিজেদের মাঠে চেনা দর্শকের সামনে খেলবে বাংলাদেশ। আমরা যদি তাদের দর্শক দেখে ভয় পেয়ে যাই, তাহলে ম্যাচে হেরেও যেতে পারি।”
নিজেদের মাঠে খেলার সুবিধার পাশাপাশি চাপটাও কম নয়। মামুনুল অবশ্য চাপ নিতে চাইছেন না, “যারা সমালোচনা করে, তারা সবসময় সমালোচনা করে। যারা দলের পাশে থাকে, তারা সবসময়ই থাকে। হোমে খেলা বলে আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা মাঠে যাব এবং ভালো খেলে আসব।”
এএফসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৩৪তম) চেয়ে এগিয়ে থাইল্যান্ড (২৩তম)। তবে অভিজ্ঞতার পাল্লায় পাকর্নদের চেয়ে ঢের এগিয়ে মামুনুলরা। অতিথি দলের কোচ জানিয়েছেন, অনূর্ধ্ব-২২ দল নিয়ে গোল্ড কাপ মিশনে আসার কথা। অন্যদিকে পুরো শক্তির জাতীয় দল নিয়ে এ আসরে খেলছে বাংলাদেশ।
অভিজ্ঞতার পার্থক্য থাকলেও থাইল্যান্ড অধিনায়ক পারম্পক পাকর্ন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যই জানিয়েছেন। তিনি নিজে গোল দেয়ার পাশাপাশি সতীর্থদের দিয়ে করাতেও পারদর্শী। এছাড়া দলটির পিমকন জাতুরঙ, সেনসোমাইদ আদিসাকের পায়ে গোল থাকায় আশাবাদী পাকর্ন।
“আগামীকালের ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিজেদের শতভাগ দিয়ে আমরা এ ম্যাচটা জিতে গোল্ড কাপের ফাইনালে খেলতে চাই।”
একই চাওয়া মামুনুলের। সেমি-ফাইনালে খেলার লক্ষ্য পূরণ হওয়ার পর ফাইনালে খেলার স্বপ্ন জানিয়েছিলেন অধিনায়ক। থাইল্যান্ড বাঁধা পেরিয়ে সে চাওয়া পূরণের প্রশ্নে সতীর্থদের ওপর যথেষ্ঠ আস্থাও আছে তার।
“আমরা এখন আরো বেশি সিরিয়াস। এখন আমাদের সবার একটাই লক্ষ্য-ফাইনালে খেলা।”
গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে পরের ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল মামুনুলরা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারানোর পর বাহরাইনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল থাইল্যান্ড।
