সেমিতে সেরা ম্যাচের আশা মামুনুলের
গোল্ড কাপের সেমি-ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ‘সেরা ম্যাচ’ খেলতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। চেনা মাঠে এ আসরের ফাইনাল খেলার লক্ষ্য পূরণে সতীর্থদের ওপর আস্থা থাকার কথাও জানান এই তারকা মিডফিল্ডার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকাল পাঁচটায় গোল্ড কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন থাইল্যান্ড ও ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মামুনুল বলেন, “আমার আশা, কালকের ম্যাচটা যেন গোল্ড কাপে আমাদের সেরা ম্যাচ হয়। দলের সবাই খুশি। তারা ফুটবলটা উপভোগ করছে। ফাইনালে উঠতে পারলে আমাদের খুশি আরো বাড়বে।”
“দলের সবাই ফুটবলটা এখন আরো বেশি উপভোগ করছে। এখন তারা আরো বেশি সিরিয়াস। সভাপতির লক্ষ্য আমরা পূরণ করেছি। এখন আমাদের সবার একটাই লক্ষ্য-ফাইনালে খেলা”, যোগ করেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই মিডফিল্ডার।
নিজেদের মাঠে গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলার লক্ষ্য এ আসর শুরুর আগে জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।
থাইল্যান্ডের কোচ বাংলাদেশের মাঝ মাঠের শক্তিকে একটু বেশি সমীহ করছেন। তবে মামুনুলের মনে হচ্ছে, দারুণ খেলা থাইল্যান্ডের মুঠো থেকে ম্যাচ বের করে আনতে হলে সেরা ফুটবলই খেলতে হবে তাদের।
“মিডফিল্ড ভালো খেললে দল ভালো খেলবে। তবে কেবল মিডফিল্ডে খেললে চলবে না, যে যেখানে আছে, সেখান থেকেই শতভাগ দিয়ে খেলতে হবে।”
গ্রুপ পর্বের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ছয় গোলের উৎসব করে থাইল্যান্ড। প্রতিপক্ষের জালে বাংলাদেশ গত দুই ম্যাচে গোল পেয়েছে মাত্র একটি। গত দুই ম্যাচের মতো সুযোগগুলো নষ্ট করা চলবে না বলে সতীর্থদের সতর্ক করে দিচ্ছেন স্বাগতিক অধিনায়ক। নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলাটাকে ‘চাপ’ হিসেবেও নিচ্ছেন না মামুনুল।
“যে যখন সুযোগ পাবে, তাকে সেটা কাজে লাগাতে হবে। এটা হলে ম্যাচের ফল ভিন্ন রকম হবে। আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা মাঠে যাব এবং ভালো খেলে আসব।”
দু’দিন আগে অবশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফরোয়ার্ডের সমস্যা কাটিয়ে ওঠার প্রশ্নে আশার কথা শুনিয়েছিলেন মামুনুল।
“দেখবেন, পরের ম্যাচ থেকে সব ঠিক হয়ে যাচ্ছে। ফিনিশিংয়ে যে সমস্যা হচ্ছে, আশা করি, তা কেটে যাবে। সবাই পাশে থাকলে আশা করি, শুরু থেকে পাওয়া সুযোগগুলো আমরা এরপর থেকে কাজে লাগাতে পারব।”
