২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রোনালদোর দাম কমপক্ষে ৩০ কোটি পাউন্ড'

রিয়াল মাদ্রিদ এখন রোনালদোকে ছেড়ে দিলে তাকে প্রায় ৩০ কোটি পাউন্ডে (প্রায় ৪০ কোটি ইউরো) বিক্রি করা যাবে। পর্তুগালের এই তারকা ফুটবলারের এজেন্ট বিবিসি স্পোর্টকে এ তথ্য দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 08:47 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

রোনালদোর মূল্য কত? এই প্রশ্নের উত্তরে তার এজেন্ট হোর্হে মেন্দেস বিবিসির ক্রীড়া সম্পাদককে বলেন, “ক্রিস্তিয়ানো রোনালদো? ১০০ কোটি(পাউন্ড)। তার বাইআউট ক্লজ ১০০ কোটি, সুতরাং এটা ১০০ কোটি। তার মতো কাউকে কেনা অসম্ভব।”

“তবে কোনো কারণে ক্লাব তাকে আগামীকাল ৩০ কোটি পাউন্ড (৩৯ কোটি ৭০ লাখ ইউরো) বিক্রি করার সিদ্ধান্ত নিলে তা কেউ দিয়ে দেবে”, যোগ করেন তিনি।
 

টানা দ্বিতীয়বার ফিফা-ব্যালন ডি'অর জয়ী রোনালদোকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন মেন্দেস।

“সে বিশ্বের সেরা খেলোয়াড়। তাকে আপনি কারও সঙ্গেই তুলনা করতে পারেন না।”

মেন্দেস জানান, ২০০৯ সালে ১০ কোটি ৬০ লাখ ৬০ হাজার ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া রোনালদো তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসলেও বের্নাবেউতেই থাকবেন।

এখানেই রোনালদো তার ক্যারিয়ার শেষ করবেন কিনা প্রশ্নের উত্তরে মেন্দেস বলেন, "নিশ্চিতভাবেই।" এরপর যোগ করেন, "সে রিয়াল মাদ্রিদ ছাড়বে না।"

মেন্দেসকে ধরা হয় 'ফুটবলে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি' হিসেবে। সব মিলিয়ে খেলোয়াড়দের ১০০ কোটি পাউন্ডের বেশি দলবদলে মধ্যস্থতা করেছেন তিনি।

মেন্দেস মনে করেন, ফুটবল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। তার মতে ফুটবলারদের সম্ভাব্য সর্বোচ্চ বেতন প্রাপ্য।

নৈশ ক্লাবের সাবেক মালিক মেন্দেস জোসে মরিনিয়ো, লুইস ফেলিপে স্কলারি, রাদামেল ফালকাও, আনহেল দি মারিয়া, হামেস রদ্রিগেস, দাভিদ দে হেয়া, ভিক্তর ভালদেস ও দিয়েগো কস্তারও প্রতিনিধিত্ব করেন।