ভলফ্সবুর্গের কাছে মৌসুমে বায়ার্নের প্রথম হার
শীতকালীন দীর্ঘ বিরতির পর বুন্দেসলিগা শুরুর পরপরই মৌসুমে প্রথম হারের স্বাদ পেল শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওয়ার দলকে ৪-১ গোলে হারিয়ে জার্মানির শীর্ষ লিগের শিরোপা লড়াইয়ে কিছুটা উত্তেজনা ফিরিয়ে আনলো দ্বিতীয় স্থানে থাকা ভলফ্সবুর্গ।
এই মৌসুমের প্রথম অর্ধে মাত্র চারটি গোল খেয়েছিল বায়ার্ন মিউনিখ; এক ম্যাচেই তা দ্বিগুণ হয়ে গেল। আর বুন্দেসলিগায় বায়ার্ন সর্বশেষ হেরেছিল গত মৌসুমের এপ্রিলে অগসবুর্গের কাছে।
১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বায়ার্নের চেয়ে এখন ৮ পয়েন্ট পিছিয়ে আছে ভলফ্সবুর্গ। শিরোপা জিততে এখনও নাটকীয় কিছু দেখাতে হবে তাদের।
ম্যাচের আগে এ মাসের শুরুতে গাড়ি দুর্ঘটনায় নিহত ভলফ্সবুর্গের খেলোয়াড় জুনিয়র মালান্দার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
