২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনকে সেমিতে খেলার প্রতিশ্রুতি দিলেন মামুনুলরা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে এসে ভালো খেলে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠার প্রতিশ্রুতি দিয়েছেন মামুনুল-এমিলিরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 05:27 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

সভাপতির সঙ্গে দেখা করতে মঙ্গলবার ফেডারেশনে আসেন জাতীয় দলের ফুটবলাররা। হঠাৎ মামুনুলদের ফেডারেশনে আসার কারণ আবাহনীর বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জাতীয় দলের হার। ওই হারের কারণে খেলোয়াড়দের ডেকে পাঠিয়েছিলেন সালাউদ্দিন।

আলাপচারিতায় গোল্ড কাপের লক্ষ্য, জাতীয় দল নিয়ে নিজের প্রত্যাশা মামুনুল-এমিলিদের জানান সালাউদ্দিন। সবশেষ প্রস্তুতি ম্যাচে আবাহনীর কাছে জাতীয় দলের হেরে যাওয়া নিয়ে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন এই সাবেক ফুটবল তারকা।

জাতীয় দলের ফরোয়ার্ড জাহিদ হোসেন এমিলি বলেন, “সভাপতিকে বলেছি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ম্যাচ উপহার দিয়ে দলকে সেমি-ফাইনালে নিয়ে যাওয়ার জন্য আমরা ঝাঁপাব।”

‘এ’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। এশিয়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৩৪তম) চেয়ে মালয়েশিয়া (২৮তম) এগিয়ে এবং শ্রীলঙ্কা (৩৬তম) পিছিয়ে আছে। নিজেদের মাঠে গ্রুপ পর্বে এই দুই দলের একটিকে টপকাতে না পারাটা ‘ব্যর্থতা’ হিসেবে দেখা হবে বলে মানছেন এমিলি।

কয়েক দিন আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গোল্ড কাপের সেমি-ফাইনালের খেলার লক্ষ্য জানান বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। সভাপতিকেও তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করেছেন এই মিডফিল্ডার।

“আশা করি, গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলব আমরা। সভাপতিকেও বলেছি, এ জন্য আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন।” “তিনি (সালাউদ্দিন) আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। অনেক পরামর্শ দিয়েছেন। আশা করি, তার চাওয়াটা পূরণ করতে পারব আমরা”, যোগ করেন মামুনুল। ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী টিটো জানান, মঙ্গলবার ছাত্রদেরকে বিশ্রাম দিয়েছেন তিনি। বুধবার থেকে ফের পুরোদমে শুরু হবে গোল্ড কাপের প্রস্তুতি। গোল্ড কাপের দল এখনই চূড়ান্ত করছেন না টিটো। কোচ লোডভিক ডি ক্রুইফ এসে দল চূড়ান্ত করবেন বলে জানান তিনি। ফেডারেশন জানায়, আগামী শুক্রবার নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে আসবেন ক্রুইফ। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন ও সিঙ্গাপুর-এই ছয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু হবে। ২৯ জানুয়ারি সিলেটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে হবে গোল্ড কাপের উদ্বোধন। গ্রুপ পর্বে মামুনুলরা শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবেন আগামী ২ ফেব্রুয়ারি। সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ ও একটি সেমি-ফাইনালসহ মোট চারটি ম্যাচ। আর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে একটি সেমি-ফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ।