২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা বাংলাদেশের

সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মেক্সিকোর বিপক্ষে জয়ে পাওয়া জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এ ম্যাচে লড়াই করতে চায় কৃষ্ণ কুমার দাসের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 09:06 AM

Updated : 25 Apr 2022, 12:55 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর একটায় পোল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে অধিনায়ক কৃষ্ণ কুমার জানান, প্রতিপক্ষের আগের ম্যাচগুলোর ভিডিও দেখে রণকৌশল সাজাচ্ছেন কোচ।

“জাপানের সঙ্গে ওদের ম্যাচটা আমরা মাঠে বসে দেখেছি। ওদের দ্বিতীয় ম্যাচের ভিডিও কোচ আমাদের দেখিয়েছেন। নিজেদের সেরাটা দিতে পারলে ওদের সঙ্গে ভালো লড়াই হবে।”

“ওরা শক্তিশালী দল। তবে ওদেরকে আমরা মোটেও ভয় পাচ্ছি না। আশা করি, নিজেদের সেরাটা খেলতে পারব আমরা”, যোগ করেন তিনি।

দুই ম্যাচ জিতে পুল ‘বি’-এর তালিকায় শীর্ষে আছে পোল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোকে ৬-০ ব্যবধানে হারানোর পর জাপানের বিপক্ষেও ৩-২ গোলের জয় পায় তারা।

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে অবশ্য ভালো শুরু পায়নি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৫-১ গোলে হেরে যায় তারা।

তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাগে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। সারোয়ার হোসেন ও রাসেল মাহমুদ জিমির নৈপুণ্যে মেক্সিকোকে ৬-১ গোলে উড়িয়ে দেয় গোবিনাথান কৃষ্ণমূর্তির ছাত্ররা।

ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্বে খেলার টিকেট পায় বাংলাদেশ।