প্রস্তুতি ম্যাচে আবাহনীর কাছে জাতীয় দলের হার
বঙ্গবন্ধু গোল্ড কাপ সামনে রেখে আয়োজিত প্রস্তুতি ম্যাচে আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে সোমবার বাংলাদেশের জালে দুটি গোল করেন আবাহনী হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড সাবলচ চরবা।
জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী টিটো জানান, দলকে পরখ করে নেয়ার জন্য দুই অর্ধে দুটি ভিন্ন দল খেলান তিনি। বল পজেশনে তার ছাত্ররা এগিয়ে ছিল কিন্তু গোলের সুযোগগুলো তার ফরোয়ার্ডরা কাজে লাগাতে পারেনি।
“আবাহনী দলের চারজন বিদেশী ফুটবলার খেলেছে। তারাই পার্থক্যটা গড়ে দিয়েছে। তবে আবাহনীর কাছে জাতীয় দলের হেরে যাওয়াটা হতাশাজনক”, যোগ করেন তিনি।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন ও সিঙ্গাপুর-এই ছয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু হবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের দল সিঙ্গাপুর, থাইল্যান্ড ও বাহরাইন।
২৯ জানুয়ারি সিলেটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে হবে গোল্ড কাপের উদ্বোধন। গ্রুপ পর্বে মামুনুলরা শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবেন ২ ফেব্রুয়ারি; এ ম্যাচটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
