২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ড কাপে কোচের লক্ষ্যও সেমি-ফাইনাল

বঙ্গবন্ধু গোল্ড কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সেমি-ফাইনালে খেলার আশা করছেন ফুটবল দলের ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী টিটো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 08:01 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

এশিয়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৩৪তম) চেয়ে মালয়েশিয়া (২৮তম) এগিয়ে এবং শ্রীলঙ্কা (৩৬তম) পিছিয়ে আছে। গ্রুপের এই দুই প্রতিপক্ষের প্রতি সমীহ রেখেই গোল্ড কাপের লক্ষ্যের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান টিটো।

“মালয়েশিয়াকে আমাদের চেয়ে এগিয়ে রাখতে হবে। শ্রীলঙ্কা অবশ্য র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে পিছিয়ে আছে। দুটি দলই জাতীয় দল। তাদেরকে সমীহ করতে হবে। তবে আমরা হোম টিম হিসেবে গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলতে চাই।”

গত বছর শ্রীলঙ্কার সঙ্গে নিজেদের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। যশোরের প্রথম ম্যাচটি ড্র হলেও রাজশাহীতে ১-০ গোলের জয় পায় স্বাগতিকরা। শ্রীলঙ্কার বিপক্ষের ওই প্রীতি ম্যাচ আর গোল্ড কাপের ম্যাচ একভাবে নিচ্ছেন না টিটো।

“শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলাম আমরা। জানিনা, একই দল তারা এবার পাঠাবে কিনা। মাঝের সময়টাতে আমরাও উন্নতি করেছি। হয়ত ওরাও উন্নতি করেছে। আসলে আন্তর্জাতিক পর্যায়ের সব ম্যাচই কঠিন; কোনোটাকে সহজভাবে নেয়ার সুযোগ নেই।”

কয়েক দিন আগে জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানান। একই লক্ষ্য টিটোর হলেও এক-একটি ম্যাচ নিয়ে ছক কষছেন তিনি।

“আমার মনে হয়, ম্যাচ টু ম্যাচ নিয়ে ভেবে এ আসর শুরু করা আমাদের জন্য ভালো হবে।”

ফেডারেশনের দেয়া তথ্য অনুযায়ী গোল্ড কাপে বাংলাদেশ দলের কোচ থাকবেন ক’দিন আগে ‘বিদায়’ নেয়া লোডভিক ডি ক্রুইফ। আগামী শুক্রবার নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে আসবেন তিনি।

ক্রুইফের অনুপস্থিতিতে একসময় তার সহকারীর দায়িত্ব পালন করা টিটোর অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে প্রস্তুতি নিচ্ছে মামুনুলের দল। টিটো জানান, প্রস্তুতিতে রক্ষণভাগ ও ফরোয়ার্ড নিয়েই বেশি জোর দিচ্ছেন তিনি।

“দলের সে অর্থে চোট সমস্যা নেই। প্রস্তুতিতে ডিফেন্ডিং ও একই সঙ্গে অ্যাটাকিংয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছি আমরা। সব মিলিয়ে ভালোই চলছে গোল্ড কাপের প্রস্তুতি।”

বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন ও সিঙ্গাপুর-এই ছয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু হবে আগামী ২৯ জানুয়ারি।

সিলেটে উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ-মালয়েশিয়া। গ্রুপ পর্বে মামুনুলরা শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ২ ফেব্রুয়ারি।

সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ ও একটি সেমি-ফাইনালসহ মোট চারটি ম্যাচ হবে। আর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে একটি সেমি-ফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ।

গোল্ড কাপের সূচি:

২৯ জানুয়ারি, বাংলাদেশ-মালয়েশিয়া, সিলেট

৩০ জানুয়ারি,     সিঙ্গাপুর-থাইল্যান্ড, সিলেট

৩১ জানুয়ারি, মালয়েশিয়া-শ্রীলঙ্কা, সিলেট

১ ফেব্রুয়ারি, বাহরাইন-সিঙ্গাপুর, ঢাকা 

২ ফেব্রুয়ারি, বাংলাদেশ-শ্রীলঙ্কা, ঢাকা  

৩ ফেব্রুয়ারি, থাইল্যান্ড-বাহরাইন, ঢাকা

৫ ফেব্রুয়ারি, প্রথম সেমি-ফাইনাল, সিলেট

৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় সেমি-ফাইনাল, ঢাকা

৮ ফেব্রুয়ারি, ফাইনাল, ঢাকা

# সব ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়