ভালোবাসা আর শ্রদ্ধায় জুম্মন লুসাইকে বিদায়
বাংলাদেশের হকির এক কালের সেরা তারকা জুম্মন লুসাইকে চোখের জলে বিদায় জানাল তার সতীর্থ আর উত্তরসূরিরা।
বাংলাদেশ দলের এই সাবেক ডিফেন্ডারের মরদেহ সোমবার সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আবাহনী ক্লাবে নিয়ে গেলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশের হকির ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কেয়া চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আহমেদ সাজ্জাদুল আলম ববি, গাজী আশরাফ হোসেন লিপু, আবাহনীর খেলোয়াড়, কর্মকর্তাসহ আরো অনেকে।
২০১১ সালে জাতীয় পুরস্কার ঘোষণা করা হলেও তা মৃত্যুর আগে হাতে পাননি জুম্মন। এ প্রসঙ্গে কেয়া চৌধুরী বলেন, “আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেয়া হবে।”
আবাহনীর হয়ে ১৭ বছর ঘরোয়া হকিতে আলো ছড়ান সিলেটে জন্ম নেয়া জুম্মন। খেলোয়াড় জীবনের ইতি টানার পর ঐতিহ্যবাহী এ ক্লাবের হকি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বেলা ১২টায় আবাহনীর পতাকায় মোড়ানো জুম্মনের কফিন নিয়ে আসা হয় হকি ফেডারেশনে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। জাতীয় পতাকা ও হকি ফেডারেশনের পতাকা দিয়ে জুম্মনকে সম্মান জানানো হয়। ফেডারেশনের পক্ষ থেকে হকিস্টিক ও বল দেয়া হয় তার কফিনে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার জুম্মনের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন। এ জন্য জাদুঘর প্রতিষ্ঠা করার বিষয়টি ভাবা হবে বলে জানান তিনি।
শেষকৃত্যের আগে ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন জুম্মন লুসাই। ছবি: মোহাম্মদ জুবায়ের।
