ইউভেন্তুসের জয়ে তেভেসের জোড়া গোল
কার্লোস তেভেসের জোড়া গোলে ভেরোনাকে সহজেই হারিয়েছে ইউভেন্তুস। ৪-০ গোলের এই জয়ে সেরি আর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দৃঢ় করলো বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার রাতে নিজেদের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই ২০ মিটার দূর থেকে দর্শনীয় শটে ইউভেন্তুসকে এগিয়ে নেন মিডফিল্ডার পল পগবা। খানিক বাদেই আলভারো মোরাতার ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড তেভেস।
ম্যাচের ৬৬তম মিনিটে রবের্তো পেরেইরার গোলের পর নিজের দ্বিতীয় গোলটি করেন তেভেস। ১৩টি গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি।
লিগের ঠিক মাঝামাঝি অবস্থায় অর্থাৎ ১৯ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার দিকে এগুচ্ছে টানা তিন বারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আগের দিন পালের্মোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো রোমা।
ইতালির শীর্ষ লিগে আগের ম্যাচে ঘরের মাঠ সান সিরোয় আতালান্তার কাছে একমাত্র গোলে হারে এসি মিলান।
নাপোলি রোববারের অন্য ম্যাচে লাৎসিওকে ১-০ গোলে হারায়। ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি।
