মিলানের হার, নাপোলির জয়
ইতালির শীর্ষ লিগ সেরি আয় ঘরের মাঠে আতালান্তার কাছে একমাত্র গোলে হেরে গেছে এসি মিলান। এ নিয়ে টানা চার ম্যাচ জয়হীন রইল ঐতিহ্যবাহী দলটি।
লিগে গত তিন ম্যাচে মিলান একটিতে হারে এবং দুটিতে ড্র করে। শেষ তারা জিতেছিল গত ১৪ ডিসেম্বর, নাপোলির বিপক্ষে ২-০ গোলে।
মিলানের মাঠ সান সিরোর রোববারের ম্যাচে আতালান্তার জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনার স্ট্রাইকার জের্মান দেনিস।
১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে এসি মিলান।
গত রাউন্ডে ইউভেন্তুসের কাছে হারা নাপোলি রোববারের অন্য ম্যাচে লাৎসিওকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার স্ট্রাইকার গনসালো হিগুয়াইন।
১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি। পঞ্চম স্থানে থাকা লাৎসিওর পয়েন্ট ৩১।
