তিন ম্যাচ পর পিএসজির জয়
ফরাসি লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকার পর সাফল্য পেয়েছে পিএসজি। ইভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
লিগে গত তিন রাউন্ডে পিএসজি দুটিতে হেরেছিল এবং একটিতে ড্র করেছিল।
রোববার ঘরের মাঠে ফরাসি মিডফিল্ডার সেদরিক বারবোসার গোলে পিছিয়ে পড়ে পিএসজি। তবে ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইস ও ইতালির মিডফিল্ডার মার্কো ভেরাত্তির গোলে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধের প্রথম দিকে ডাচ ডিফেন্ডার গ্রেগরি ফন ডার ভিলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইভিয়া। তবে ১৫ মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে ও উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি ১টি করে গোল করলে পিএসজির জয় নিশ্চিত হয়।
এই জয়ে লিগ ওয়ানে ২১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪১।
সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিঁও।
