ফুটবল দলের জার্সির নকশা নিয়ে প্রতিযোগিতা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সির নকশা পেতে প্রতিযোগিতার আয়োজন করেছে ফেডারেশন। সেরা নকশাকারীর জন্য একাধিক পুরস্কার দেয়ার কথাও জানিয়েছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য বাংলাদেশ দলের দুই রকমের জার্সি তৈরির নকশা চেয়েছে ফেডারেশন। দুটি নকশার জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছে সংস্থাটি। জার্সির রঙে লাল ও সবুজের প্রাধান্য থাকতে হবে। প্রথম জার্সির নকশায় প্রধান রঙ হবে সবুজ এবং দ্বিতীয়টির প্রধান রঙ হবে লাল।
এই প্রতিযোগিতার বিজয়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি ও জাতীয় দলের যেকোনো ফুটবলারের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। ঢাকার ভেন্যুর সব ম্যাচ ভিআইপি গ্যালারিতে বসে উপভোগের সুযোগ পাবেন তিনি। বিজয়ীকে বিশ্বকাপের বল ব্রাজুকাও দেবে ফেডারেশন।
এছাড়াও সেরা নকশাকারী পাবেন ঢাকা-নেপাল-ঢাকা ভ্রমণের বিমান টিকেট। মামুনুলদের সঙ্গে সোনারগাঁ হোটেলে ডিনারের সুযোগ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেয়া ব্লেজারও পাবেন সেরা নকশাকারী।
