বের্নাবেউয়ে বাজিমাতে খুশি তরেস
কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদকে ছিটকে ফেলে দলকে কোয়ার্টার-ফাইনালে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে দারুণ খুশি আতলেতিকো মাদ্রিদের ফের্নান্দো তরেস।
দ্বিতীয় মেয়াদে আতলেতিকোয় ফেরা চেলসি ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার তরেসের বিশ্বাস, ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ায় তাদের জন্য লড়াইটা আরও সহজ হয়ে যায়।
“আমি খুব খুশি। এই ম্যাচ, এই রাউন্ডের ফল নিয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। শুরুতেই গোল পাওয়ায় আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ম্যাচটা খেলতে পেরেছি।”
প্রথম লেগে আতলেতিকো ২-০ গোলে জেতায় ফিরতি লেগের ৯০ মিনিটের মধ্যে শেষ আটে উঠতে রিয়ালকে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হতো। ম্যাচ শুরুর পর ৪৯ সেকেন্ডে গোল করে সেটা আরও কঠিন করে দেন তরেস।
