হেরে সান্ত্বনা খুঁজছেন রিয়াল কোচ
কোপা দেল রে থেকে ছিটকে পড়ার হতাশার মধ্যেই যেন সান্ত্বনা খুঁজছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচের মতে, স্প্যানিশ কাপে আর খেলতে না হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে তারা বাড়তি সুবিধা পাবে।
গত বৃহস্পতিবার রাতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ফিরতি লেগে ২-২ গোলে ড্র করে দুই লেগ মিলে ৪-২ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে রিয়াল। নগর প্রতিবেশীদের কাছে প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
হারলেও প্রথমার্ধে ছেলেদের খেলা নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি।
“প্রথমার্ধে আমরা যেমন খেলেছি তাতে আমি খুশি। আমরা খুব ভালো খেলেছি। এখন চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতির জন্যে আমাদের তিন সপ্তাহ সময় আছে এবং দলের জন্য সেটা অবশ্যই ভালো।”
ম্যাচ শুরুর পর ৪৯তম সেকেন্ডেই পর্তুগিজ ডিফেন্ডার পেপের ভুলে গোল খেয়ে বসে রিয়াল। ২০তম মিনিটে সের্হিও রামোসের দারুণ হেডে সমতায়ও ফেরে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৩৬তম সেকেন্ডে ২-১ গোলে পিছিয়ে পড়ে ইউরোপ সেরারা। খানিক বাদে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে ফের সমতায় ফিরলেও কাঙ্খিত লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি তারা।
