২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে বিদায় করে শেষ আটে আতলেতিকো

ফিফা ব্যালন ডি’অর জয়ের আনন্দ ম্যাচ জিতে উদযাপন করা হলো না ক্রিস্তিয়ানো রোনালদোর। আতলেতিকো মাদ্রিদের দাপটে কোপা দেল রে থেকে ছিটকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 03:11 AM

Updated : 12 Oct 2022, 03:11 PM

বৃহস্পতিবার ফের্নান্দো তরেসের জোড়া গোলে রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-২ গোলে ড্র করে আতলেতিকো। ফলে প্রথম লেগে ২-০ গোলে জেতা লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা দুই লেগ মিলে ৪-২ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠল।

ম্যাচের শুরুতে রোনালদো বর্ষসেরা ফুটবলারের স্মারক হাতে দর্শকদের সামনে হাজির হন। সঙ্গে ছিলেন ফিফা ফিফপ্রোর বিশ্ব একাদশে জায়গা পাওয়া সের্হিও রামোস ও টনি ক্রুস এবং বর্ষসেরা গোলদাতার পুরস্কার হাতে হামেস রদ্রিগেস।

গ্যারেথ বেল-করিম বেনজেমারা তো ছিলেনই। এতসব তারকার ভিড়ে রিয়াল সমর্থকেরা নিশ্চয় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল। কিন্তু মাঠে তার কিছুই হলো না, সেরা ষোলো থেকেই ছিটকে পড়তে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।

প্রথম লেগে দুই গোলের ব্যবধানে হারায় কোয়ার্টার-ফাইনালে উঠতে রিয়ালের সামনে এমনিতেই ছিল কঠিন লক্ষ্য। ম্যাচের শুরুতে সেটা হয়ে যায় আরও কঠিন। রক্ষণের ভুলে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে তারা।

মাঝ মাঠের কাছাকাছি থেকে পর্তুগিজ ডিফেন্ডার পেপের ভুলে আন্তোনিও গ্রিজমান বল নিয়ন্ত্রনে নিয়ে ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে ডি বক্সের ডান দিক দিয়ে ঢোকা ফের্নান্দো তরেসকে দারুণ পাস দেন। ঠান্ডা মাথায় বল আয়ত্ত্বে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করেন স্পেনের এই স্ট্রাইকার।

২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত আতলেতিকোর হয়ে রিয়ালের মাঠে মোট ৮টি ম্যাচ খেললেও কখনও গোল করতে পারেননি তরেস। দ্বিতীয় মেয়াদে শৈশবের দলে ফিরে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই সে অপূর্ণতা ঘোচালেন তিনি।

শেষ আটে ওঠার লক্ষ্য কঠিন হয়ে গেলেও ২০তম মিনিটে দারুণ হেডে দলকে ম্যাচে ফেরান রামোস। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে গোলটি করেন স্পেনের এই ডিফেন্ডার।

২৩তম মিনিটে এগিয়েও যেতে পারতো রিয়াল, কিন্তু রোনালদোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন উরুগয়ের ডিফেন্ডার দিয়েগো গোদিন।

বিরতির পর ফের প্রথম মিনিটেই আঘাত হানে আতলেতিকো। প্রথমটির মতো এই গোলেও চমৎকার ণৈপুণ্য দেখান গ্রিজমান ও তরেস।

বল পায়ে ফরাসি স্ট্রাইকার গ্রিজমান দুর্দান্ত গতিতে ছুটে গিয়ে পাস দেন তরেসকে। আর দুরূহ কোণ থেকে অসাধারণ শটে বল জালে জড়ান লিভারপুল ও চেলসির সাবেক এই তারকা।

আট মিনিট পরেই অবশ্য সমতায় ফেরে রিয়াল। বাঁদিক থেকে ওয়েলসের ফরোয়ার্ড বেলের ক্রসে হেড করে গোলটি করেন রোনালদো।

দুই দুইবার পিছিয়ে পড়ে ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত কোনো নাটকীয় ফল আনতে পারেনি রিয়াল।