গোল্ড কাপে সালাউদ্দিনের লক্ষ্য সেমি-ফাইনাল
বঙ্গবন্ধু গোল্ড কাপের লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ দল নিয়ে নিজের চাওয়াটাও জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। তার আশা, নিজেদের মাঠের এই আসরে ‘অন্তত’ সেমি-ফাইনাল খেলবে মামুনুলরা।
‘এ’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ২৯ তারিখে সিলেটে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠার মিশন শুরু করবে বাংলাদেশ।
সালাউদ্দিন বলেন, “যদি আমার মনে কথা জানতে চান, তাহলে বলব, বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। তবে সত্যি বলতে, এটা অনেক দূরের স্বপ্ন। বাস্তবতা মেনে আমি আশা করছি, বাংলাদেশ অন্তত সেমি-ফাইনালে খেলুক। তাহলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে আমাদের।”
ছয় দলের মধ্যে চার দল এএফসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। ৩৪তম স্থানে থাকা বাংলাদেশের ওপরে আছে বাহরাইন (১২তম), থাইল্যান্ড (২৩তম), মালয়েশিয়া (২৮তম) ও সিঙ্গাপুর (৩০তম)। বাংলাদেশের নিচে রয়েছে কেবল শ্রীলঙ্কা (৩৬তম)।
গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলার লক্ষ্যের কথা আগের দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। এই মিডফিল্ডার বলেন, গ্রুপিং বা প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না এবং সেমি-ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী তারা।
এবারই প্রথম মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ। বাফুফে সভাপতি জানান, আগামীতেও এই আন্তর্জাতিক আসর চালিয়ে যাবেন তারা।
“যে পাঁচটি দল এবার আসছে, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আগামী পাঁচ বছর বঙ্গবন্ধু গোল্ড কাপে দল পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে।”
বৃহস্পতিবার সোনারগাঁ হোটেলে বঙ্গবন্ধু গোল্ড কাপের লোগো উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
