২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউজেবিও, ফিগোকে ছাড়িয়ে সেরা রোনালদো

ইউজেবিও আর লুইস ফিগোকে পেছনে ফেলে পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলারের খেতাব পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে সংগঠনটির কর্তারা এই ঘোষণা দেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 07:53 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

বুধবার এই অনুষ্ঠানে অবশ্য থাকতে পারেননি রোনালদো। বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে ব্যস্ত তিনি।

পর্তুগালের সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয় ভোটের মাধ্যমে।

এই লড়াইয়ে রোনালদোর দুই প্রতিদ্বন্দ্বীর একজন কিংবদন্তি ইউজেবিও পর্তুগালের হয়ে ১৯৬১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত খেলেন। এই সময়ের মধ্যে খেলা ৬১ ম্যাচে পর্তুগালের হয়ে ৪১ গোল করেন তিনি।

১৯৬৬ সালের বিশ্বকাপে পর্তুগালকে তৃতীয় করেন ইউজেবিও। এখন পর্যন্ত এটাই বিশ্বকাপে দেশটির সেরা সাফল্য হয়ে আছে।

ক্লাব ফুটবলে ক্যারিয়ারের বড় অংশই বেনফিকায় খেলে কাটান ইউজেবিও। পর্তুগালের এই ক্লাবটির হয়ে ১৫ বছরে ১১টি লিগ শিরোপা জেতেন তিনি। ১৯৬৫ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হন ইউজেবিও।

এ ছাড়া তিনবার ইউরোপিয়ান কাপের সর্বোচ্চ গোলদাতা হন ইউজেবিও। ১৯৬৬ সালের বিশ্বকাপে জেতেন গোল্ডেন বুট। ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতেন দুবার।

রোনালদোর আরেক প্রতিদ্বন্দ্বী ফিগো ছিলেন পর্তুগালের ‘সোনালী প্রজন্ম’ -এর সারথি। ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত পর্তুগালের হয়ে খেলা ফিগোর দেশের হয়ে সেরা সাফল্য ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া। ১৯৯১ সালে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপও জেতেন তিনি। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ছয় বার পর্তুগালের বর্ষসেরা ফুটবলার হন ফিগো। ২০০০ সালে ব্যালন ডি’অর জয়ের পর ২০০১ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জেতেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড। বার্সেলোনা ও রিয়াল, দুই দলের হয়েই দুটি করে লিগ শিরোপা জেতেন ফিগো। রিয়াল মাদ্রিদের হয়ে ২০০২ সালের চ্যাম্পিয়ন্স লিগও জেতেন। আর ইন্টার মিলানের হয়ে সেরি আর জেতেন চারটি। ২০০৪-এর ইউরোতে রানার্সআপ হওয়া পর্তুগাল দলের সদস্য ছিলেন রোনালদোও। পর্তুগালকে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপেও দলকে তোলেন তিন বারের বর্ষসেরা ফুটবলার রোনালদোও। আন্তর্জাতিক অঙ্গনে তেমন সাফল্য না পেলেও ক্লাব ফুটবলে দারুণ সাফল্য আছে রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। আর ব্যক্তিগত অর্জনের ডালাটাও ভালোই পূর্ণ তার।