২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে ফিরতে তৈরি হচ্ছেন ব্রাজিলের রোনালদো

অবসর কাটিয়ে আবার ফুটবলে ফেরার জন্য নিজেকে তৈরি করে তুলবেন ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদো। তবে বড় কোনো ক্লাবে নয়, নর্থ আমেরিকান সকার লিগের দল ফোর্ট লডারডেইল স্ট্রাইকার্সের হয়ে খেলাই লক্ষ্য তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

২০১১ সালে ফুটবলকে বিদায় জানান তিন বারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। সবশেষ তিনি পেশাদার ফুটবল খেলেন ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের হয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রের দল লডারডেইল স্ট্রাইকার্সের আংশিক মালিক ৩৮ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক তারকা।

ফোর্ট লডারডেইলে এক সংবাদ সম্মেলনে এসি মিলান ও ইন্টার মিলানের সাবেক তারকাকে সম্ভাব্য ফেরা নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে তিনি বলেন, এটা খুব সহজ হবে না।

“এটা সহজ নয়, কারণ আমি খেলতে ভালোবাসি। আমি ফুটবল ভালোবাসি। পুরো জীবন ধরেই এটা ছিল আমার বড় ভালোবাসা। আমি যখন অবসর নেই, তখন শরীরের জন্যই খেলা বন্ধ করি; অনেক ব্যথা আর চোট ছিল।”

এরপর তিনি আবার ফুটবলে ফেরার চ্যালেঞ্জ নেয়ার কথা বলেন।

“ফুটবল ম্যাচ খেলতে (শারীরিকভাবে) খুব ভালো অবস্থায় থাকতে হয়। আমি চেষ্টা করব, এটা আরেকটা চ্যালেঞ্জ। আমি নিশ্চিত, এটা লিগ আর দলকে সাহায্য করবে। আমি প্রচুর অনুশীলন করব এবং কোচের যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে হয়ত (ফিরব)।”