নেইমার, মেসিকে ছাড়িয়ে গোলে সেরা রোনালদো
আরও একটি পুরস্কার পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দেশের ও ক্লাবের হয়ে ২০১৪ সালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় লিওনেল মেসি ও নেইমারকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গোল করার জন্য রিয়াল মাদ্রিদ তারকা পেলেন আইএফএফএইচএস পুরস্কার।
আন্তর্জাতিক টুর্নামেন্টে এক বছরে সর্বোচ্চ গোলের এই পুরস্কার দেয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)।
২০১৪ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২০ গোল করেন রোনালদো। এর মধ্যে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ১৫টি, আর পর্তুগালের হয়ে ৫টি গোল করেন। রিয়াল মাদ্রিদের হয়ে ১৫ গোলের ১৩টিই তিনি করেন চ্যাম্পিয়ন্স লিগে। বাকি দুটি গোল রোনালদো পান ইউরোপিয়ান সুপার কাপে।
রোনালদোর পরই ২০১৪ সালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল নেইমারের। ১৯ গোল করেন তিনি। আর মেসি করেন ১৮ গোল।
