২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোর বিপক্ষে কঠিন পরীক্ষায় রিয়াল

রোনালদোর ফিফা ব্যালন ডি'অর জেতা আর তিন ফুটবলারের বিশ্বসেরা একাদশে ঠাঁই পাওয়া- সাম্প্রতিক এই উদ্দীপনা মাঠে কাজে লাগতে চাইবে রিয়াল মাদ্রিদ। কারণ স্পানিশ কাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে কার্লো আনচেলত্তির দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 06:16 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বৃহস্পতিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে আতলেতিকোর বিপক্ষে বাংলাদেশ সময় রাত একটায় খেলতে নামবে রিয়াল।

গত মৌসুমে ১৯তম বারের মতো কোপা দেল রের শিরোপা জেতা রিয়াল আতলেতিকোর মাঠে প্রথম পর্বে ২-০ গোলে হেরে আসে।

হেরে যাওয়া ওই ম্যাচের প্রথম ঘণ্টায় বেঞ্চেই বসে ছিলেন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় পর্ব জিততে এই ভুল আর করবেন না বলে জানান আনচেলত্তি। পুরো শক্তির দল নামানোর কথা বলেন তিনি।

দলকে বড় জয় এনে দিতে সদ্যই ফিফা-ব্যালন ডি'অর জয়ী রোনালদো শুরুর একাদশে থাকবেন। গত শনিবার স্পেনের লা লিগায় এসপানিওলকে ৩-০ গোলে হারায় আনচেলত্তির দল। এই ম্যাচটিও আত্মবিশ্বাস জাগানোর কথা রিয়ালের ফুটবলারদের।

আত্মবিশ্বাস ফিরে পেলেও আতলেতিকোকে বড় ব্যবধানে হারিয়ে শেষ আটে ওঠাটা রিয়ালের জন্য খুব একটা সহজ হবে বলে মনে হয় না।

রোববার স্পেনের লা লিগায় বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে গেলেও বের্নাবেউতে যাওয়ার আগে আত্মবিশ্বাসের অভাব মোটেই নেই আতলেতিকোর খেলোয়াড়দের।

আতলেতিকোর ফুল-ব্যাক হুয়ানফ্রান বরং রিয়াল মাদ্রিদকে হুমকিই দিয়ে রেখেছেন।

"বের্নাবেউতে কোপার ম্যাচে আমরা বেশ শক্তিশালী থাকব।"

পুরনো খবর:

আতলেতিকোর কাছে রিয়ালের আরেকটি হার