এবারও হকি লিগে খেলবে না মোহামেডান
গত মৌসুমের মতো এবারও প্রিমিয়ার লিগ হকিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী এই দলটির এমন সিদ্ধান্তে ঘরোয়া হকির আসরে আকর্ষণ হারানোর শঙ্কা তৈরি হয়েছে।
২২ জানুয়ারি লিগ কমিটির সভার জন্য ক্লাবগুলোকে প্রতিনিধি পাঠানোর জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ওই চিটির প্রেক্ষাপটে মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূইয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, হকির বর্তমান কমিটির অধীনে কোনো আসরে খেলবে না তাদের দল।
“আমাদের অবস্থান আগের মতোই আছে। এই অবৈধ কমিটির অধীনে কোনো আসরে আমরা খেলব না। আমাদের সঙ্গে আলোচনা না করেই তারা চিঠি দিয়েছে, এটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে।”
“ব্যক্তিগতভাবে সমস্যাটা সমাধানের জন্য সিনহা ভাই (আবাহনীর হকি কর্মকর্তা আফজালুর রহমান সিনহা), এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) সচিব, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কিন্ত তারা কোনো উদ্যোগ নেননি। ফেডারেশনের পক্ষ থেকেও কোনো আন্তরিকতা দেখিনি আমি”, যোগ করেন তিনি।
