গোল্ড কাপের সেমির লক্ষ্য মামুনুলদের
বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপিং নিয়ে ভাবনা নেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামের। গ্রুপের প্রতিপক্ষ যে দলই হোক না কেন, তাদের টপকে সেমি-ফাইনালে খেলার আশা নিয়ে অনুশীলন করার কথা জানিয়েছেন এই মিডফিল্ডার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের ‘চাওয়া’ গোল্ড কাপে বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থাকুক। তাহলে সেমি-ফাইনালের ওঠার সমীকরণ মেলার পথটা সহজ হবে স্বাগতিকদের জন্য। তবে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাতীয় দলের অধিনায়ক জানান গ্রুপে কোন দল পড়বে, তা নিয়ে ভাবছেন না তারা।
“গ্রুপিং নিয়ে আমরা ভাবছি না। গ্রুপে যে দলই পড়ুক না কেন, তাদেরকে হারিয়ে সেমি-ফাইনালে উঠতে চাই। যারা আসছে, তারা সবাই শক্তিশালী দল। তবে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, সেমি-ফাইনালে খেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।”
“আপনারা জানেন, ভালো ফল বলতে কি বোঝায়। নিজেদের মাঠে আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলব। এই আসরে ভালো ফলই দেশবাসীকে উপহার দিতে চাই”, যোগ করেন তিনি।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন ও সিঙ্গাপুর-এই ছয় দল নিয়ে ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু হওয়া কথা। ছয় দলের মধ্যে চার দল এএফসির র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। র্যাংকিংয়ে ৩৪তম স্থানে থাকা বাংলাদেশের ওপরে আছে বাহরাইন (১২তম), থাইল্যান্ড (২৩তম), মালয়েশিয়া (২৮তম) ও সিঙ্গাপুর (৩০তম)। বাংলাদেশের নিচে থাকা একমাত্র দল শ্রীলঙ্কা ৩৬তম স্থানে আছে।
আগামী বৃহস্পতিবার গোল্ড কাপের গ্রুপিং ও ড্র হবে। সেখানেই নির্ধারিত হবে গ্রুপপর্ব পেরিয়ে সেমি-ফাইনালের স্বপ্ন পূরণ করতে হলে কাদের বিপক্ষে লড়তে হবে মামুনুলদের।
গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যশোরের ম্যাচে ড্র করলেও রাজশাহীর ম্যাচে জয় পায় স্বাগতিকরা। তবে অধিনায়ক জানান, প্রতিপক্ষের র্যাঙ্কিং কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরে পাওয়া জয়ের দিকেও তাকাচ্ছেন না তারা। সেমি-ফাইনালে ওঠার বিষয়ে দলের ওপর আস্থা রাখছেন তিনি।
“দলে সে অর্থে বড় কোন চোট সমস্যা নেই। সবাই ভালো আছে। আমরা সবাই কঠোর অনুশীলন করছি। গ্রুপে যাদের বিপক্ষেই খেলা পড়ুক না কেন; আমরা আশা করি, দেশবাসীকে সাফল্য এনে দিতে পারব।”
ঢাকা ও সিলেট-এই দুই ভেন্যুতে হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের খেলা। সিলেট ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ড কাপের একটি সেমি-ফাইনালসহ মোট চারটি ম্যাচ হবে। বাফুফে সাধারণ সম্পাদক জানান, আসর শুরুর দুই দিন আগেই চার অতিথি দল চলে আসবে।
“আমরা দলগুলোকে আসর শুরুর দুই দিন আগে আসার কথা বলেছি। সে হিসেবে তারা ২৭ জানুয়ারি আসবে। শুধু বাহরাইনের আসতে দেরি হবে; ৩০ জানুয়ারি আসবে তারা।”
বঙ্গবন্ধু গোল্ড কাপ সামনে রেখে সহকারী কোচ সাইফুল বারী টিটোর সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে অনুশীলন করছেন মামুনুলরা। আসর শুরুর আগেই ‘সদ্য বিদায়ী কোচ’ লোডভিক ডি ক্রুইফ দলের সঙ্গে যোগ।
