২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরল ইন্টার

ইতালির শীর্ষ লিগ সেরি আতে দুটি ড্রয়ের পর জয়ের পথে ফিরেছে ইন্টার মিলান। ষষ্ঠ স্থানে থাকা জেনোয়াকে ৩-১ গোলে হারিয়েছে প্রতিযোগিতার অন্যতম সফল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 09:05 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

লিগের আগের দুই ম্যাচে লাৎসিও ও ইউভেন্তুসের সঙ্গে ড্র করেছিল ইন্টার।

রোববার সান সিরোয় ইন্টারের পক্ষে ১টি করে গোল করেন রদ্রিগো পালাসিও, মাউরো ইকার্দি ও নেমানিয়া ভিদিচ। জেনোয়ার একমাত্র গোলটি করেন ইতালির ডিফেন্ডার আরমান্দো ইস্সো।

নিজেদের মাঠে দ্বাদশ মিনিটে পালাসিওর গোলে এগিয়ে যায় ইন্টার। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইকার্দি। ৮৫তম মিনিটে ইস্সোর গোলে লড়াইয়ের আভাস দেয় অতিথি দলটি। তবে ৮৮তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন ভিদিচ।

এ জয়ে ১৮ ম্যাচে ইন্টারের পয়েন্ট ২৫। সমান ম্যাচে জেনোয়ার পয়েন্ট ২৭।

আগের দিন তোরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করা এসি মিলানের পয়েন্ট ২৬।