পেছাল বঙ্গবন্ধু গোল্ড কাপ
ক’দিন ধরা চলা গুঞ্জনই সত্যি হলো; পেছাল বঙ্গবন্ধু গোল্ড কাপ। ২৯ জানুয়ারিতে টুর্নামেন্টটি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
এএফসির কংগ্রেস থেকে ফিরে রোববার সাংবাদিকদের সালাউদ্দিন জানান, বঙ্গবন্ধু গোল্ড কাপে বাহরাইনের খেলা নিশ্চিত করার জন্যই আসর শুরু দিনক্ষণ পিছিয়েছে ফেডারেশন।
“বঙ্গবন্ধু গোল্ড কাপে বাহরাইন খেলতে চায়। আমরাও চাই তাদের অংশ নেয়া নিশ্চিত করতে। এ মুহুর্তে তারা এশিয়া কাপ ও গালফ কাপ নিয়ে ব্যস্ত থাকায় তাদের আসতে দেরি হবে। গোল্ড কাপে তাদের খেলা নিশ্চিত করার জন্যই এ আসর পেছাতে হচ্ছে।”
আগের সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি ছয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরুর কথা ছিল। ঢাকা ও সিলেটে হবে এই আসরের খেলা। স্বাগতিক বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বাহরাইন ও শ্রীলঙ্কা বঙ্গবন্ধু এতে অংশ নিচ্ছে।
অস্ট্রেলিয়ায় এএফসির কংগ্রেসে গিয়েই বঙ্গবন্ধু গোল্ড কাপে ষষ্ঠ দল হিসেবে শ্রীলঙ্কার খেলা নিশ্চিত করেন সালাউদ্দিন।
বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এএফসির বর্তমান সভাপতি হওয়ায় গোল্ড কাপে দেশটির অংশগ্রহনের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে বাফুফে।
