বৃত্তি পেল স্কুল হকির খেলোয়াড়রা
স্কুল হকির দলগুলোকে সরঞ্জাম ও গত আসরের বাছাই করা খেলোয়াড়দের বৃত্তি দেয়ার কথা ফেডারেশন আগেই জানিয়েছিল। রোববার আনুষ্ঠানিকভাবে দলগুলোকে হকির সরঞ্জাম ও বাছাইকৃত ৪৬ জনের হাতে বৃত্তির চেক তুলে দিল তারা।
হকির সরঞ্জাম ও বৃত্তির সব ব্যয় বহন করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। স্কুল হকির এবারের আসরের জন্য দুই কোটি টাকাও দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।
১২০টি দল নিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে এবারের স্কুল হকির আসর। ঢাকার বাইরের দলগুলোকে হকির সরঞ্জাম আগেই দেয়া হয়। এবার ঢাকার চার জেলা (নরসিংদি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা) দলকে স্টিক, জার্সি, গোলরক্ষক গিয়ার, কেডস ও বল দেয়া হল।
স্কুল হকির গত আসর থেকে বাছাই করা মোট ৪৬ জন খেলোয়াড়কে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এ বাবদ ফেডারেশনের হাতে ৫ লাখ ৫২ হাজার টাকা তুলে দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মোহাম্মদ আলি।
এবার ১১টি ভেন্যুতে হবে স্কুল হকির খেলা। ১২০টি দলের আঞ্চলিক পর্বের খেলা শেষে হবে চূড়ান্ত পর্বের খেলা। ৩২ দলকে চারটি গ্রুপে ভাগ করে হবে চূড়ান্ত পর্ব।
