২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সা ছাড়বেন না সুখে থাকা মেসি’

চেলসির সেস ফাব্রেগাসের বিশ্বাস, তার সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি স্পেন ছাড়বেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 10:59 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

সম্প্রতি কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির ‘দ্বন্দ্ব’ নিয়ে গণমাধ্যমে খবর বেরোনোর পর থেকেই তার দলবদল নিয়ে গুঞ্জন ওঠে। সঙ্গে যোগ হয় ইনস্টাগ্রামে টানা চারবারের বর্ষসেরা এই তারকার চেলসিকে অনুসরণ করার খবর। স্পেনের একটি সংবাদমাধ্যমের আরেকটি খবর গুজবটিতে নতুন মাত্রা যোগ করে- মেসির বাবার সঙ্গে নাকি চেলসি কর্তৃপক্ষ দেখা করেছে।

এমনও গুঞ্জন ছড়ায় যে, ফাব্রেগাস তার ঘনিষ্ঠ বন্ধু মেসিকে চেলসিতে যোগ দেয়ার জন্যে বোঝানোর চেষ্টা করছেন। কিছু গণমাধ্যমের এমন খবরে বেশ ক্ষেপেছেন স্পেনের এই মিডফিল্ডার।

“বার্সায় মেসি সুখেই আছে, তারাও মেসিকে নিয়ে খুশি। চেলসিতে আসার জন্যে মেসিকে আমি বুঝাচ্ছি, তাদের এমন কথায় আমি হতাশ। চুক্তির বিষয়ে আমি কিভাবে কথা বলতে পারি? আমি একজন ফুটবলার মাত্র।”

বার্সেলোনার রেকর্ড গোলদাতা মেসি ক্যারিয়ারের শুরু থেকেই কাম্প নউয়ে খেলছেন। ২০০৪ সাল থেকে দলটির হয়ে দলগত এবং ব্যক্তিগত প্রায় সব শিরোপা জিতেছেন তিনি।

মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে নতুন গুঞ্জনের শুরু হয় গত সপ্তাহে। রোববার রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মেসি ও নেইমারকে শুরুর একাদশে রাখেননি কোচ এনরিকে।

ম্যাচের পর দিন আবার দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন মেসি। এটা নিয়ে নাকি ভীষন রেগে যান এনরিকে। স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্তের খবর অনুযায়ী, মেসিকে শৃঙ্খলাভঙ্গের সর্বোচ্চ শাস্তি দিতে চেয়েছিলেন কোচ। পরে অবশ্য কোচের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন দলের তিন অধিনায়ক। কিন্তু আর্জেন্টিনার তারকার দলবদলের সম্ভাবনা নিয়ে প্রতিদিন খবর বেরোতে থাকে।

যাহোক, সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ গত বুধবার জানান, চুক্তি শেষ হওয়া পর্যন্ত কোথাও যাচ্ছেন না মেসি। কাতালুনিয়া দলটির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ সালের গ্রীষ্ম পর্যন্ত।

স্পেনের একটি রেডিওর অনুষ্ঠানে ২৭ বছর বয়সী ফাব্রেগাস আরও বলেন, “মেসি তাই করবে যেটা তাকে সবচেয়ে সুখি করবে।”

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বার্সেলোনাতে মেসির সঙ্গে খেলেছেন ফাব্রেগাস। ভবিষ্যতে সুযোগ পেলে আবারও টানা চারবারের বর্ষসেরা তারকার সঙ্গে খেলতে চান বলে জানান তিনি।

এনরিকে ও মেসির ‘দ্বন্দ্ব’ নিয়ে ফাব্রেগাস বলেন, “লুইস এনরিকেকে আমি চিনি না। আমি লিওকে চিনি এবং যা হয়েছে বলে বলা হয়েছে সে ব্যাপারে আমি সন্দিহান। কারণ সে খুবই শান্ত স্বভাবের মানুষ এবং গত তিন বছর আমরা একত্রে কাটানোর সময় এসবের কিছুই আমি দেখিনি।"

চেলসির সহকারী কোচ স্টিভ হল্যান্ড ইতোমধ্যে মেসির স্ট্যামফোর্ড ব্রিজে আসা নিয়ে সব গুঞ্জন গুজব বলে উড়িয়ে দিয়েছেন। উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতি মেনে আর্জেন্টিনার এই তারকাকে দলে নেয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি।