বান্ধবীকে নিয়ে ব্যালন ডি’অর অনুষ্ঠানে রোনালদো
ফিফা ব্যালন ডি'অর অনুষ্ঠানে উপস্থিত থাকতে আগামী সোমবার বান্ধবী ইরিনা শায়াককে নিয়ে ব্যক্তিগত বিমানে জুরিখ যাবেন ক্রিস্তিয়ানো রোনালদো।
সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জমকালো অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি দেয়া হবে।
স্পেনের ক্রীড়া বিষয়ক পত্রিকা এএস-এর প্রতিবেদনে বলা হয়, জুরিখের পথে রোনালদোর সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্যরা এবং বান্ধবী ইরিনা শায়াক। এছাড়া পর্তুগিজ এই তারকার সঙ্গে আরও থাকবেন রিয়াল মাদ্রিদের কয়েকজন সদস্য।
এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ের জোর সম্ভাবনা আছে গতবারের বিজয়ী রোনালদোর। এ পর্যন্ত দুইবার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জয়ী এই তারকা গত মৌসুমে ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট তিনটি শিরোপা জেতেন। এই মৌসুমেও তিনি আছেন দারুণ ফর্মে।
এবারের বর্ষসেরা হওয়ার দৌড়ের সংক্ষিপ্ত তালিকার অন্য দুই জন হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং জার্মানির তারকা গোলরক্ষক মানুয়েল নয়ার।
মেসি গত বছর ক্লাব বা দেশের হয়ে কোনো শিরোপা না জিতলেও ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে অসাধারণ অবদান রাখেন। ওই প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।
দেশকে বিশ্বকাপ জেতাতে নয়ারের অবদান ছিলেন এককথায় চমৎকার। সেরা গোলরক্ষকের পুরস্কার পান তিনি। তাছাড়া ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে বুন্দেসলিগার শিরোপাও জেতেন তিনি।
জুরিখের পথে রোনালদোর সঙ্গে আরও থাকবেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। সেরা কোচের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি।
