বড় স্বপ্ন নিয়েই যাচ্ছে হকি দল
প্রস্তুতি ভালো হওয়ায় আর খেলোয়াড়রা ‘ফিট’ থাকায় বড় স্বপ্ন নিয়েই ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। রোববার দেশ ছাড়বেন কৃষ্ণা-জিমিরা।
১৭-২৫ জানুয়ারি সিঙ্গাপুরে হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্ব। তবে সিঙ্গাপুরে যাওয়ার আগে মালয়েশিয়ায় যাবে বাংলাদেশ হকি দল। সেখানে মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দল ও ‘এ’ দলের সঙ্গে ১২ ও ১৩ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৪ জানুয়ারি সিঙ্গাপুর পৌঁছানোর পরের দিন ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের মিশনে নামার আগে ওমানের সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জিমি-খোরশেদরা।
ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, মেক্সিকো ও পোল্যান্ড। র্যাংকিংয়ে বাংলাদেশের (৩০তম) নিচে আছে মেক্সিকো (৩৫তম)। জাপান ১৪তম ও পোল্যান্ড ১৮তম স্থানে রয়েছে। তবে জাপান ও পোল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো ফলই আশা করছে বাংলাদেশ দলের ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি।
“চল্লিশ দিন ধরে প্রস্তুতি নিয়েছি। অনুশীলনে এশিয়ান গেমসের ম্যাচগুলোর ভিডিও বিশ্লেষণ করে কাজ করেছেন কোচ। ফিটনেস নিয়েও কাজ করেছেন। আশা করি, এবার ভালো করব আমরা।”
গতবারও ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে নতুন অধিনায়ক কৃষ্ণা কুমার দাস এবার স্বপ্ন পূরণের সম্ভাবনা দেখছেন।
“যেভাবে আমরা অনুশীলন করেছি, খেলোয়াড়দের ‘ফিটনেসের’ যে অবস্থা এবং সিনিয়র খেলোয়াড়রা দলে ফেরায় আমার মনে হচ্ছে-এবার ভালো কিছু হবে।”
প্রস্তুতি নিয়ে খুশি সহকারী কোচ মামুনুর রশীদ। ওয়ার্ল্ড হকি লিগের কোয়ার্টার-ফাইনালে খেলার লক্ষ্য প্রাথমিকভাবে ঠিক করার কথা জানান তিনি।
“আমাদের প্রথম লক্ষ্য হলো পুল ম্যাচে ভালো করা। যাতে আমরা কোয়ার্টার-ফাইনালে উঠতে পারি এবং সেখানে দুর্বল দলের বিপক্ষে খেলে সেমি-ফাইনালেও যেতে পারি।”
“আশা করি, আমরা মেক্সিকোকে হারাতে পারব। যদি আমরা পুলে দ্বিতীয় বা তৃতীয় হতে পারি, তাহলে আমাদের সেমি-ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে।”
ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের খেলা তিনটি দেশে হচ্ছে। তিন দেশের আসর থেকে সেরা নয় দল উঠবে ওয়ার্ল্ড হকি লিগের তৃতীয় পর্বে বা সেমি-ফাইনালসে। র্যাঙ্কিংয়ের সেরা ১১ দল সেমি-ফাইনালসে সরাসরি খেলার টিকেট পাবে। তবে সেমি-ফাইনালসে উঠলেই অলিম্পিকের বাছাই পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
