মেসিকে কেনা সম্ভব নয় চেলসির
বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির চেলসিতে যাওয়া নিয়ে সম্প্রতি যে গুঞ্জন ছড়িয়েছে, তার অবসান করলেন ইংল্যান্ডের দলটির সহকারী কোচ। উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতি মেনে আর্জেন্টিনার এই তারকাকে দলে নেয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি।
শুক্রবার চেলসির সহকারী কোচ স্টিভ হল্যান্ড সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সম্প্রতি কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির ‘দ্বন্দ্ব’ নিয়ে গণমাধ্যমে খবর বেরোনোর পর থেকেই তার দলবদল নিয়ে গুঞ্জন ওঠে। সঙ্গে যোগ হয় ইনস্টাগ্রামে টানা চারবারের বর্ষসেরা এই তারকার চেলসিকে অনুসরণ করার খবর। স্পেনের একটি সংবাদমাধ্যমের আরেকটি খবর গুজবটিতে নতুন মাত্রা যোগ করে- মেসির বাবার সঙ্গে নাকি চেলসি কর্তৃপক্ষ দেখা করেছে।
সব মিলিয়ে অনেকেই মেসির স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেয়ার সম্ভাবনা দেখছিলেন। তবে সব গুঞ্জনের ইতি টানলেন জোসে মরিনিয়োর সহকারী হল্যান্ড।
“জোসে পরিষ্কারভাবে জানিয়েছে যে, এই উইন্ডোতে তার চাওয়া হলো দল থেকে কেউ যাবে না এবং কেউ আসবেও না।”
চেলসির প্রধান কোচ মরিনিয়ো গত বছরও একই কথা বলেছিলেন, তবে পরে দলে কিছু পরিবর্তন আসে। সে কথা প্রসঙ্গে হল্যান্ড জানান, কখনও কখনও এমন পরিস্থিতি আসে যখন সিদ্ধান্ত পাল্টাতে হয়। তবে এবার তেমন কিছু হবে না বলেই মনে করেন তিনি।
“আশা এবং প্রত্যাশা হলো, কেউ যাবে না এবং কেউ আসবে না। আমাদের দল নিয়ে আমরা খুশি।”
বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ সালের গ্রীষ্ম পর্যন্ত। এর মধ্যে তাকে কিনতে হলে বাইআউট ক্লজের অঙ্কটা পরিশোধ করতে হবে আগ্রহী ক্লাবকে। মেসির বাইআউট ক্লজ ২৫ কোটি ইউরো।
‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ -এর বাধার মধ্যে এত বিশাল অঙ্কের অর্থ দিয়ে মেসিকে যেকোনো দলের পক্ষে কেনাটাই প্রায় অসম্ভব বলে মনে করেন হল্যান্ড।
