রিয়ালের ছন্দে ফেরার লড়াই
টানা তিন ম্যাচ হারা রিয়াল মাদ্রিদের সামনে এবার এসপানিওল বাধা। হতাশা কাটিয়ে জয়ের পথে ফিরতে না পারলে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে যাবে লিগের সফলতম দলটি। কোচ কার্লো আনচেলত্তি অবশ্য সব বাধা দূরে ঠেলে শীর্ষস্থান ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী।
শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে লিগের ম্যাচটি।
সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ জিতে যেন অজেয় হয়ে উঠেছিল রিয়াল। টানা জয়ের বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দেখছিল তারা। কিন্তু গত বছরের শেষ সপ্তাহে হঠাৎই পথ হারায় দলটি; এসি মিলানের কাছে ৪-২ গোলে হেরে বসে। তবে সেটা প্রীতি ম্যাচ হওয়ায় হারটাকে পাত্তা দেননি আনচেলত্তি।
পরে ইতালির এই কোচকে চিন্তায় ফেলে গত সপ্তাহের দুটি ম্যাচ। প্রথমে লিগে ভালেন্সিয়ার কাছে ২-১ হারের পর কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হারে তারা।
ভালেন্সিয়ার কাছে হারের পরই লিগের শীর্ষস্থান হারাতে পারতো রিয়াল। কিন্তু একই দিনে বার্সেলোনাও হেরে যাওয়ায় শীর্ষেই থাকে ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা।
১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা, আতলেতিকোর পয়েন্ট ৩৮। একটি করে ম্যাচ বেশি খেলেছে এই দুই দল।
পয়েন্টের ব্যবধানটা অল্প হলেও ধরে রাখতে চান আনচেলত্তি।
“লা লিগায় আমরা অল্প ব্যবধানে এগিয়ে আছি এবং সেটা আমরা ধরে রাখতে চাই।”
নতুন বছরে প্রথমবারের মতো নিজেদের মাঠে খেলবে রিয়াল। সমর্থকদের সামনে খেলার সুবিধা কাজে লাগিয়ে জয়ের ধারায় ফিরতে চায় তারা।
শুক্রবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি আরও বলেন, “এই বছরে প্রথম আমরা ঘরের মাঠে খেলব এবং বছরের শেষে যেভাবে খেলেছিলাম, সেভাবেই খেলতে চাই।”
গত বুধবার আতলেতিকোর মাঠে শুরুর একাদশে ছিলেন না রিয়ালের সবচেয়ে বড় তারকা রোনালদো। পরে বদলি হিসেবে নামলেও হার এড়াতে পারেননি। এবার অবশ্য শুরু থেকেই দুইবারের বর্ষসেরা তারকা মাঠে থাকবেন বলে জানিয়েছেন আনচেলত্তি।
