২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের সেরা একাদশে মেসি-রোনালদো

ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে থেকে ২০১৪ সালের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই এই একাদশের আক্রমণভাগে আছেন বর্তমানের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 08:32 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা এই একাদশে থাকলেও গত বছর বাদ পড়ে যান মেসি। এক বছর বাদে আবারও বর্ষসেরা দলে ফিরলেন বার্সেলোনার এই তারকা। আর ২০০৭ সাল থেকে প্রতি বছরই এই দলে আছেন রিয়াল মাদ্রিদের রোনালদো।

মেসি ও রোনালদোর পাশে তৃতীয় ফরোয়ার্ড হিসেবে একাদশে আছেন পিএসজিতে খেলা সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ডটকমের ওয়েবসাইটে ফুটবলপ্রেমীদের ভোটে এই একাদশ গঠন করা হয়। এবার মোট সাড়ে ৮ লাখের বেশি ভোট পড়ে।

ক্লাবের হিসেবে বায়ার্ন মিউনিখ থেকে সর্বোচ্চ ৪ জন একাদশে জায়গা পেয়েছেন। আর দেশ হিসেবে জার্মানির সর্বোচ্চ ৩ জন আছেন।

গোলরক্ষক হিসেবে একাদশে আছেন জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা জয়ী বায়ার্নের মানুয়েল নয়ার। জার্মানিকে বিশ্বকাপ জেতাতে দারুণ অবদান রাখেন সেরা গোলদাতার পুরস্কার জেতা নয়ার।

বিশ্বকাপ জয়ী জার্মানির অধিনায়ক ফিলিপ লাম এবং ওই দলের অন্যতম সদস্য টনি ক্রুসও আছেন একাদশে। বিশ্বকাপ শেষেই অবসর নেন তখন বায়ার্নে খেলা লাম।

একাদশে বায়ার্ন থেকে আরও আছেন অস্ট্রিয়ার ডাভিড আলাবা এবং নেদারল্যান্ডসের আরিয়েন রবেন। চার ডিফেন্ডারের আরেকজন হলেন আতলেতিকো মাদ্রিদের দিয়েগো গোদিন।

রোনালদো ছাড়া ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল থেকে এই একাদশে আছেন স্পেনের ডিফেন্ডার সের্হিও রামোস। মিডফিল্ডার ক্রুস এখন রিয়ালে খেলেন।

আর ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আছেন আনহেল দি মারিয়া। বিশ্বকাপে দেশ আর্জেন্টিনার হয়ে দারুণ খেলেছিলেন তিনি। তাছাড়া গত মৌসুমে রিয়ালে খেলার সময় ক্লাবকে ইউরোপ সেরা করতে অসাধারণ অবদান রাখেন এই মিডফিল্ডার।

২০১৪ সালের উয়েফা একাদশ:

গোলরক্ষক: মানুয়েল নয়ার

ডিফেন্ডার: সের্হিও রামোস, ফিলিপ লাম, ডাভিড আলাবা, দিয়েগো গোদিন।

মিডফিল্ডার: আরিয়েন রবেন, আনহেল দি মারিয়া, টনি ক্রুস।

ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ।