বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ দল শ্রীলঙ্কা
ছয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজনের কথা বলা হলেও ষষ্ঠ দল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শ্রীলঙ্কা রাজি হওয়ায় সে অনিশ্চয়তা কেটেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গোল্ড কাপে খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা।
মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও বাহরাইনের বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলতে আসার বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছিল।
সভাপতি ও সাধারণ সম্পাদক কংগ্রেসে যোগ দিতে যাওয়ার আগে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, অস্ট্রেলিয়া গিয়েই ষষ্ঠ দল চূড়ান্ত করবে তারা।
১৬ জানুয়ারি ছয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ মাঠে গড়ানোর কথা। তবে নির্ধারিত সময়ে এই আসর শুরু নিয়ে সংশয় আছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের বাইরে থাকায় গোল্ড কাপ পেছানো নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেডারেশন। তবে বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২-১৩ জানুয়ারির মধ্যে গোল্ড কাপের ব্যাপারে বিস্তারিত জানাবে তারা।
