২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্ষপথে ফিরতে বার্সার বাধা এলচে

বছরের শুরুতেই হেরে বসা বার্সেলোনার সামনে এবার স্প্যানিশ কাপের শেষ আটে ওঠার লড়াই। প্রতিপক্ষ এলচে বড় কোনো দল নয়, কিন্তু গত সপ্তাহের ধাক্কা সামলে কক্ষপথে ফিরতে এবার আরও বেশি সতর্ক কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 03:34 AM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বৃহস্পতিবার বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে কোপা দেল রের সেরা ষোলোর প্রথম পর্বের ম্যাচটি।

লা লিগায় করদোভাকে ৫-০ গোলে হারিয়ে বড় দিনের ছুটিতে যায় বার্সেলোনা। তার তিন দিন আগে স্প্যানিশ কাপে হুয়েস্কাকে ৮-১ গোলে উড়িয়ে দেয় তারা। কিন্তু লম্বা ছুটি শেষে মাঠে নেমেই পথ হারায় দলটি; রিয়াল সোসিয়েদাদের মাঠে জরদি আলবার আত্মঘাতী গোলে হেরে যায় তারা।

ওই ম্যাচের প্রায় পুরোটা সময়ই বল বার্সেলোনার দখলে ছিল কিন্তু গোলের দেখা পায়নি তারা। এবার তাই কোনো ভুল নয়, ভালো খেলে জয়ের পথে ফিরতে চান এনরিকে।

বুধবার সংবাদ সম্মেলনে কোচ এনরিকে বলেন, “ভালো খেলার লক্ষ্যেই আমরা এলচের বিপক্ষে খেলতে যাব, জানি যে লড়াইটা সহজ হবে না।”

ইতিহাস, ঐতিহ্য, শক্তি-সবদিক থেকে বার্সেলোনার চেয়ে এলচে অনেক পিছিয়ে। কিন্তু এনরিকে প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না।

“ম্যাচের সবকিছুই আমাকে চিন্তিত করে, যতখানি সম্ভব আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে।”

এই প্রতিযোগিতায় ৪৯ বছর পর মুখোমুখি হচ্ছে দল দুটি। আগের পাঁচবারের লড়াইয়ে বার্সেলোনার ৪ জয়ের বিপরীতে এলচের জয় একটি।

লা লিগার এই মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল এলচের। নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছিল লিওনেল মেসিরা।