সোনালি সময় ফিরে পাওয়ার আশা শেখ রাসেলের
দল গুছিয়ে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলন করে দলকে পরিচয় করিয়ে দিতে এসে ক্লাবটির কর্মকর্তারা জানালেন, সোনালি সময় ফিরে পাওয়াই তাদের এ মৌসুমের লক্ষ্য।
গত মৌসুমের (২০১৩-১৪) প্রিমিয়ার লিগে শেখ রাসেলের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। তালিকার ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছিল তারা। অথচ তার আগের মৌসুমে সেসময়কার কোচ মারুফুল হকের হাত ধরে ‘ট্রেবল’ জিতেছিল দলটি। ২০১২-১৩ মৌসুমের পুনরাবৃত্তির আশা এবার করছে কোচ দ্রাগান দুকানোভিচের দল।
শেখ রাসেল বুধবার ২৯ জন ফুটবলারের তালিকা বাফুফেকে দিয়েছে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, আরো তিনজন বিদেশি ফুটবলার কেনার পরিকল্পনা আছে তাদের। বসুন্ধরা গ্রুপ দলটির সঙ্গে যোগ হওয়ায় অর্থ নিয়ে সমস্যা নেই তাদের। তাই ফুটবলার আনার ক্ষেত্রে মানের সঙ্গে কোনো আপোস করবে না বলেও জানান ক্লাবটির কর্মকর্তারা।
বসনিয়ার বোজান পেতরিচ ও মুক্তিযোদ্ধার হয়ে গত মৌসুমে খেলা নাইজেরিয়ার এনকোচা কিংসলে চিগোজিকে দলে পেয়েছে শেখ রাসেল। এছাড়া হাইতি জাতীয় দলের ফুটবলার কারভেন্স বেলফোর্ট, জ্যামাইকার আকেম প্রিয়েস্টলি ও বসনিয়া-হার্জেগোভিনা থেকে দামির ইব্রিচকে কেনার বিষয়টি প্রায় পাকাপাকি করে ফেলার কথা জানান দলটির এক কর্মকর্তা।
শেখ রাসেলের এই মৌসুমের দলেও তারকার কমতি নেই। জাতীয় দলের মূল স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে টেনেছে তারা। দলটির আক্রমাণভাগে মো. মিঠুন আগেই ছিলেন। ফলে এমিলি-মিঠুন জুটি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য হুমকি হতেই পারেন।
শেখ রাসেলকে এ মৌসুমে সাফল্য এনে দেয়ার স্বপ্নই দেখাচ্ছেন দ্রাগান দুকানোভিচ: ছবি-মোহাম্মদ জুবায়ের।
শেখ রাসেলের দাবি, ইয়াসিন ও শাহেদ দুজনেই চুক্তিবাবদ তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু এই দুইজন এখন নাকি সাবেক ক্লাবে থেকে যেতে চান। এ বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর ছেড়ে দিয়েছেন শেখ রাসেলের ডিরেক্টর ইন চার্জ ইসমত জামিল আকন্দ লাভলু।
“বাইলজ অনুযায়ী কোনো ফুটবলার যে ক্লাবের কাছ থেকে প্রথম টাকা নেবে, সে তাদের হয়ে খেলবে। দুজনই আমাদের কাছ থেকে প্রথম টাকা নিয়েছে। আমরা বাফুফেকে আমাদের কাগজপত্র, তাদেরকে টাকা দেয়ার ভাউচার দেব। এরপর বাইলজ অনুযায়ী বাফুফে যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।”
ঝামেলা আছে শেখ রাসেলের সঙ্গে চুক্তি করা জাহিদ হোসেনের দলবদল নিয়েও। চুক্তি নিয়ে ঝামেলা হওয়ায় জাহিদকে তার সাবেক ক্লাব মোহামেডানকে সাড়ে ১৭ লাখ টাকা ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে বাফুফে। টাকা না দেয়া পর্যন্ত তার দলবদলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এমিলি-মিঠুনদের নিয়ে এ মৌসুমে সোনালি সময় ফিরে পেতে চায় শেখ রাসেল: ছবি-মোহাম্মদ জুবায়ের।
তবে দলের তিন ফুটবলারের দলবদল নিয়ে যে ঝামেলাই থাক না কেন, শেখ রাসেল সেরা সময়টা ফিরে পাওয়ার লক্ষ্য নিয়েই এ মৌসুম শুরু করবে বলে জানান লাভলু। তার সুরে সুর মিলিয়েছেন গত মৌসুমে দলটির কোচের দায়িত্ব নেয়া কোচ দুকানোভিচও।
“আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। আশা করি, গত মৌসুমের চেয়ে এ মৌসুমটা আমাদের জন্য অনেক ভালো হবে।”
চার গোলরক্ষকের মধ্যে মাসুদ রানা ও রাকিবুল ইসলাম রনি আগে থেকেই ছিলেন। এবার তাদের সঙ্গে যোগ হয়েছেন মোহামেডানের মামুন খান ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রের রাসেল মাহমুদ লিটন। দলটির মাঝ মাঠে আছে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আতিকুর রহমান মিশুর মতো নির্ভরযোগ্য যোদ্ধাও।
গত মৌসুমে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে শেখ জামাল। শেখ রাসেলের তিন শিরোপা জয়ের সামনে বড় বাধা মারুফুল হকের দল। মন্টেনেগ্রোর কোচও শেখ জামালকে সমীহ করেই সাফল্যের স্বপ্ন দেখছেন।
“শেখ জামাল বড় দল। শক্তিশালী দল। তবে আমাদের দলটা নিয়েও আমরা আশাবাদী। আমি মনে করি তাদের সঙ্গে এবার আমাদের ভালো লড়াই হবে।”
এমিলি-মিঠুনদের নিয়ে এ মৌসুমে সোনালি সময় ফিরে পেতে চায় শেখ রাসেল: ছবি-মোহাম্মদ জুবায়ের।
শেখ রাসেল দল:
গোলরক্ষক: মামুন খান, রাসেল মাহমুদ লিটন, মাসুদ রানা, রাকিবুল ইসলাস রনি।
ডিফেন্ডার: আমিনুল ইসলাম, ওয়ালী ফয়সাল, রেজাউল করিম, মো. ইয়াসিন, তপু বর্মন, নজরুল ইসলাম, সোহেল রানা, আব্দুল হামিদ শেখ ভাসানী, মুরাদ হাসান, আসাদুজ্জামান বাবুল, রকি, বোজান পেনরিচ।
মিডফিল্ডার: আশরাফ হোসেন, জাহিদ হোসেন, জামাল হোসেন, শাহেদুল আলম শাহেদ, ফজলে রাব্বি, আতিকুর রহমান মিশু, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোখলেছুর রহমান, আবু সুফিয়ান ইউসুফ সিফাত, মো. রুম্মান হোসেন।
স্ট্রাইকার: জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, কিংসলে চিগোজি।
