২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামিট ওপেনের শিরোপা সিদ্দিকুরের

সামিট ওপেনের শুরুটা ভালো না হলেও শেষ দুই রাউন্ডে ভালো খেলে শিরোপা জিতেছেন সিদ্দিকুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 05:57 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

বছরের শুরুতেই দেশের মাটিতে টানা দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন দেশসেরা গলফার সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর চোট কাটিয়ে ফিরে নতুন বছরের শুরুর দিনই জেতেন জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের ট্রফি।

কুর্মিটোলা গলফ ক্লাবে বুধবার তৃতীয় ও শেষ পর্বের খেলার পর পারের চেয়ে ১০ শট কম খেলে শিরোপা নিশ্চিত করেন সিদ্দিকুর। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ১ লাখ ৩০ হাজার টাকা প্রাইজমানি জিতেছেন তিনি।

পারের চেয়ে দুই শট কম খেলে প্রথম রাউন্ডে পঞ্চম স্থানে ছিলেন সিদ্দিকুর। তবে দ্বিতীয় রাউন্ডেই পারের চেয়ে সাত শট কম খেলে শীর্ষে উঠে আসেন ৩০বছর বয়সী এই গলফার। শেষ রাউন্ডে পারের চেয়ে ১ শট কম খেললেও অন্যরা আর ধরতে পারেনি তাকে।

পারের চেয়ে আট শট কম খেলে রানারআপ হয়েছেন মোহাম্মদ দুলাল হোসেন। ৮৯ হাজার ৬শ টাকা প্রাইজমানি পেয়েছেন তিনি। পারের চেয় ছয় শট কম খেলে তৃতীয় হয়েছেন মো. সায়েম। আর প্রথম রাউন্ডে সিদ্দিকুরকে পেছনে ফেলে তালিকায় শীর্ষে থাকা বেলাল হোসেন আসর শেষ করেছেন সপ্তম স্থানে থেকে।

সামিট ওপেনে এবার ৪৯ জন গলফার অংশ নেয়। তিন রাউন্ডের এই আসরের প্রাইজমানি ছিল ১০ লাখ টাকা।