রোনালদোকে পেছনে ফেলে সবচেয়ে দামি মেসি
এই মৌসুমে মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে থাকলে কি হবে, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় রিয়াল মাদ্রিদের এই তারকাকে পেছনে ফেলেছেন লিওনেল মেসি। নতুন একটি গবেষণা অনুযায়ী বার্সেলোনার এই ফরোয়ার্ডের বাজারমূল্য তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক বেশি।
২০০৯ সাল থেকে দেড় হাজারের বেশি দলবদলের তথ্যভাণ্ডারের ওপর ভিত্তি করে এই হিসেবে দিয়েছে সিআইইএসের গবেষকরা।
প্রতিষ্ঠানটির হিসেবে মেসির বাজারমূল্য রোনালদোর চেয়ে ৮ কোটি ৭০ লাখ ইউরো বেশি।
গত জুনের তুলনায় মেসি আর রোনালদো- দুজনেরই মূল্য বেড়েছে। মেসির বেড়েছে ৪০ লাখ ইউরো। আর রোনালদোর মূল্য ১১ কেটি ৪০ লাখ থেকে বেড়ে হয়েছে ১৩ কোটি ৩০ লাখ।
লা লিগার এই মৌসুমে ১৫ ম্যাচে ২৬টি গোল করেছেন রোনালদো। মেসি ১৭ ম্যাচ খেলে করেছেন ১৫ গোল।
সিআইইএস-এর এই র্যাঙ্কিং শুধু মাঠের খেলার ওপরই নির্ভর করে না; বয়স, ক্লাবের সঙ্গে ফুটবলারে চুক্তির অবস্থা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাও নিয়ামক হিসেবে ধরা হয়।
৭ কোটি ২০ লাখ ডলারের বাজারমূল্য নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন ইউভেন্তুসের পল পোগবা। তার পরে আছেন ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো (৬ কোটি ৫০ লাখ ইউরো)।
সেরা দশে বাকি চারটি নাম যথাক্রমে লিভারপুলের রাহিম স্টার্লিং, চেলসির সেস ফাব্রেগাস, আর্সেনালের আলেক্সিস সানচেস ও রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল।
