রোমার জয়, মিলানের হার
ইতালির সেরি আয় উদিনেসের মাঠ থেকে একমাত্র গোলে জিতে এসেছে রোমা। তবে নিজেদের মাঠে সাস্সুয়োলোর কাছে ২-১ গোলে হেরে গেছে এসি মিলান।
মঙ্গলবার উদিনেসের মাঠে মাত্র ১৭তম মিনিটে রোমাকে এগিয়ে নেন দাভিদে আস্তোরি। ফ্রান্সেসকো তত্তির ফ্রি-কিকে আস্তোরির হেড ক্রসবারের ভেতরের দিকে লাগলে গোললাইন রেফারি গোল দেননি। তবে মাঠের রেফারি সহকারীর সিদ্ধান্ত বাতিল করে গোলের বাঁশি বাজান।
সান সিরোয় এগিয়ে গিয়েও সাস্সুয়োলোর কাছে হারে এসি মিলান। নবম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন আন্দ্রেয়া পলি।
২৮তম মিনিটে নিকোলা সানসোনের গোলে সমতা ফেরায় সাস্সুয়োলো। দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে সিমোনে জাজার গোলে গোলে সাস্সুয়োলোর তিন পয়েন্ট নিশ্চিত হয়।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। ২৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে এসি মিলান।
