আতলেতিকোর মাঠে ‘পথহারা’ রিয়াল
অদম্য ছুটে চলা রিয়াল মাদ্রিদে দলে যেন হঠাৎই ছন্দপতন। টানা দুটি ম্যাচে হারের হতাশার মাঝেই নগর প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে যাচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা।
আতলেতিকো শিবিরে নেই তেমন কোনো দুশ্চিন্তা। গত মাসে লা লিগায় একটি ম্যাচ হারলেও সবধরণের প্রতিযোগিতা মিলে গত তিন ম্যাচে অপরাজিত আছে তারা। তাই কোপা দেল রের সেরা ষোলোর প্রথম পর্বের ম্যাচে মাঠে নামার আগে রিয়ালের চেয়ে হয়তো একটু এগিয়ে থাকবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে শুরু হবে ম্যাচটি।
সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ জেতা রিয়ালের ছন্দপতন হয় গত বছরের শেষ সপ্তাহে; এসি মিলানের কাছে হেরে যায় তারা। তবে সেটা প্রীতি ম্যাচ হওয়া হারটাকে পাত্তা দেননি রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু গত সপ্তাহে লা লিগায় ভালেন্সিয়ার মাঠেও হেরে বসে তার দল।
ফলে ভেঙে যায় দলটির টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন। হতাশা ভুলে ইউরোপ চ্যাম্পিয়নদের সামনে এবার জয়ের পথে ফেরার লড়াই।
আনচেলত্তির মতে, প্রতিপক্ষের মাঠের এই লড়াইটা কঠিন হবে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিয়ালকে দশম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ বলেন, “আমরা একে অপরকে খুব ভালোভাবে জানি এবং আমরা জানি এটা কঠিন হবে কারণ তারা ইউরোপের অন্যতম সেরা দল।”
আতলেতিকো হারিয়েই গত মৌসুমে ইউরোপের শ্রেষ্টত্ব অর্জন করে রিয়াল। তবে গত সেপ্টেম্বরে লা লিগায় নিজেদের মাঠে প্রতিবেশী দলটির কাছে ২-১ গোলে হেরে যায় তারা।
তাই প্রতিযোগিতা ভিন্ন হলেও এবারের লড়াইটা রিয়ালের জন্য প্রতিশোধেরও। তবে জিততে হলে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে খেলতে হবে বলেই মনে করেন আনচেলত্তি।
