২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরার্ডের জোড়া গোলে লিভারপুলের জয়

স্টিভেন জেরার্ডের নৈপুণ্যে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল। ইংলিশ এই তারকার জোড়া গোলে এএফসি উইম্বলডনকে ২-১ গোলে হারিয়েছে ব্রেন্ডন রজার্সের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 02:58 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

এই মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর সোমবার রাতে প্রথম মাঠে নামেন দলটির অধিনায়ক জেরার্ড।

প্রতিপক্ষের মাঠে দ্বাদশ মিনিটে স্পেনের ডিফেন্ডার হাভিয়ের মানকিইয়োর ক্রসে নিচু হেডে দলকে এগিয়ে দেন জেরার্ড।

৩৬তম মিনিটে জটলার মধ্যে থেকে ইংলিশ স্ট্রাইকার আদেবায়ো আকিনফেনওয়া আলতো শটে বল জালে জড়ালে ম্যাচে ফেরে স্বাগতিকরা।

পরে ৬২তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে রক্ষণ প্রাচীরের উপর দিয়ে গোলরক্ষককে পরাস্ত করে লিভারপুলকে জয় এনে দেন জেরার্ড।

এই দুই গোলে লিভারপুলের জার্সিতে ৬৯৬ ম্যাচ খেলে নিজের গোল সংখ্যা ১৮২-তে নিয়ে গেলেন জেরার্ড।

যোগ করা সময়ে হ্যাটট্রিকও পেতে পারতেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। কিন্তু গোললাইন থেকে তার প্রচেষ্টা ফিরিয়ে দেন উইম্বলডনের ইংলিশ ডিফেন্ডার ক্যালাম কেনেডি।

ইংল্যান্ডের ফুটবলের দ্বিতীয় গুরুত্বপুর্ণ এই প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলবে লিভারপুল।